তারেকের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার
চাঁদাবাজির মামলায় তারেক রহমানসহ ছয় আসামির বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন। গত সোমবার তারেক রহমানসহ ছয় আসামি আদালতে হাজির না থাকায় এবং তাঁদের পক্ষে নিয়োজিত আইনজীবীদের আইনগত পদক্ষেপ না থাকায় বিচারক জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।গতকাল তারেক রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা ফেরত চেয়ে আবেদন করেন তারেকের আইনজীবী। আইনজীবীরা আদালতকে বলেন, উচ্চ আদালতের আদেশে মামলার কার্যক্রম স্থগিত আছে। এ মামলার আসামি আজিজুল করিম ওরফে মোটা তারেকের এ আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। গত বছরের ২৩ জুলাই মামলার কার্যক্রম স্থগিতাদেশের মেয়াদ চলতি বছরের ২৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই এ মামলায় আসামিদের বিরুদ্ধে দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা প্রয়োজন।সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) রতন শেখ সাংবাদিকদের বলেন, হাইকোর্ট এ মামলার কার্যক্রম স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন। এ সংক্রান্ত আদেশের কোনো অনুলিপি না থাকায় এবং আসামিদের পক্ষে আইনজীবীদের কোনো আইনগত পদক্ষেপ না থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার কার্যক্রম স্থগিতসংক্রান্ত হাইকোর্টের আদেশের সত্যায়িত অনুলিপি দাখিলের পর আদালত পরোয়ানা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। তারেকের বিরুদ্ধে মামলা: ১৯৯৭ সালে যমুনা সেতু সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের ২৬৫ কোটি টাকার একটি কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোমিন লিমিটেড। ১০ কোটি টাকা ৩১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ২০০৭ সালের ৯ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক খায়রুল বাশার শাহবাগ থানায় তারেক রহমানসহ সাতজনের বিরুদ্ধে এ মামলা করেন। অন্য আসামিরা হলেন কামরুজ্জামান, মাহবুবুল আলম, ওবায়দুল খন্দকার, সোহেল, আজিজুল করিম। আসামি মানিক আদালতে উপস্থিতি ছিলেন।উল্লেখ্য, গতকাল ভুল করে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে লেখা হয়েছিল।