তারেকের গ্রেপ্তারি পরোয়ানার আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ মৌখিকভাবে স্থগিত করা হয়েছে। পরে লিখিত আদেশ দেওয়া হবে বলে আদালত জানান। ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদারের আদালতে আজ মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন তারেকের পক্ষের আইনজীবী। প্রত্যাহারের আবেদনে বলা হয়, সরকারের অনুমতি নিয়ে তারেক বিদেশে চিকিত্সাধীন আছেন। তা ছাড়া উচ্চ আদালত থেকে তিনি জামিনে মুক্ত ছিলেন। তাই গ্রেপ্তারি পরোয়ানা জারি-সংক্রান্ত আদেশ স্থগিত রাখা প্রয়োজন।গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পাঁচ কোটি টাকার চাঁদাবাজি মামলায় তারেক রহমানের অনুপস্থিত থাকায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২১ এপ্রিলের মধ্যে পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। উল্লেখ্য, ২০০৭ সালের ৯ এপ্রিল নির্মাণ প্রতিষ্ঠান আবদুল মোমিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খায়রুল বাশার এ চাঁদাবাজির মামলা করেন। এ মামলায় ২০০৭ সালের ২৬ এপ্রিল তারেককে গ্রেপ্তার দেখানো হয়। তিনি হাইকোর্ট থেকে একই বছরের ২ ডিসেম্বর জামিন পান। ২০০৮ সালে মামলার কার্যক্রম স্থগিত করেন আদালত। ২০০৯ সালের ২ ডিসেম্বর স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়।