তারেকের গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে ছাত্রদলের আন্দোলন চলবে
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বলেন, তারেক রহমানের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি চলবে। রাজধানীতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শুক্রবার বিকেলে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। কড়া পুলিশি পাহারায় মিছিলটি বিজয়নগর, পুরানা পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এতে বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম প্রমুখ।