তারেকের জামিনের মেয়াদ বাড়ল
চাঁদাবাজি ও কর ফাঁকির অভিযোগে করা পৃথক তিন মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জামিনের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। আজ সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তারেক রহমানের আইনজীবীদের মেয়াদ বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পাশাপাশি চাঁদাবাজির অভিযোগে করা দুটি মামলা স্থগিতের মেয়াদও বাড়ানো হয়েছে।আদালতে তারেকের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. নাজমুল হুদা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন।পরে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলো ডটকমকে বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের করা মামলায় তারেক রহমানের জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছেন আদালত। এ ছাড়া চাঁদাবাজির দুটি মামলায় তাঁর জামিন ও মামলা স্থগিতের মেয়াদ একই সময় পর্যন্ত বাড়ানো হয়েছে। আদালত সূত্র জানায়, ২০০২-০৩ এবং ২০০৫-০৬ কর বর্ষে ২৬ লাখ ৮৬ হাজার টাকার আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে ২০০৮ সালের ৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন দায়রা জজের আদালতে মামলা করে। ওই বছরের ২৭ আগস্ট হাইকোর্ট তাঁর প্রথম জামিন মঞ্জুর করেন। এরপর কয়েক দফা তাঁর জামিনের মেয়াদ বাড়ানো হয়। এ ছাড়া ৮০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে খান মো. আফতাব উদ্দিন ২০০৭ সালের ২৭ মার্চ গুলশান থানায় এবং একই বছরের ৪ মে চার কোটি ৮৯ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে আবু সাঈদ সোহেল গুলশান থানায় অপর মামলাটি করেন। দুটি মামলায় ২০০৮ সালে হাইকোর্ট থেকে জামিন পান তারেক। পাশাপাশি মামলার কার্যক্রমও স্থগিত হয়। কয়েক দফা এই জামিন ও স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়।