তারেকের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়বে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা হবে। সংসদ কার্যকর করা হবে। বিরোধী দলকে প্রাপ্য সম্মান দেওয়া হবে। প্রতিহিংসার রাজনীতি বর্জন করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আধুনিক গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। সেখানে বিচার বিভাগ, সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না।তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর প্রেসক্লাবে ‘স্বদেশ মঞ্চ’ নামের একটি সংগঠনের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মওদুদ আহমদ এসব কথা বলেন।সারা দেশ তারেক রহমানের অপেক্ষায় আছে দাবি করে মওদুদ আহমদ বলেন, দেশে তারেক রহমানের প্রত্যাবর্তন নির্ভর করছে আন্দোলনের সফলতার ওপর।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য গণতন্ত্র রক্ষার জন্য সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে মওদুদ আহমদ বলেন, বাংলাদেশে কোনো আন্দোলন ব্যর্থ হয়নি। ১/১১-এর পথে আওয়ামী লীগকে না এগোনোর আহ্বান জানিয়ে মওদুদ আহমদ বলেন, ‘আওয়ামী লীগের জন্য বিরোধী দলে থাকাও অনেক সম্মানজনক হবে। কারণ, দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে অর্থহীন এবং তা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে। যদি আর একটা ১/১১ আসে, তাহলে তার আঘাত পড়বে আওয়ামী লীগের ওপর।’ গতকাল সোমবার বরিশালের বেলস পার্ক মাঠে (বঙ্গবন্ধু উদ্যান) এক জনসভায় খালেদা জিয়া প্রতিশ্রুতি দেন, তাঁরা ক্ষমতায় গেলে ব্যাপক উন্নয়ন করে দেশের চেহারা পাল্টে দেবেন। তিনি জনতার উদ্দেশে বলেন, ‘আপনারা যদি সুযোগ দেন, আমি যদি বাংলাদেশের এ চেহারা পরিবর্তন করতে না পারি, তাহলে যে শাস্তি দেবেন, মাথা পেতে নেব।’ বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গি দূর করব। ব্যাপক উন্নয়ন করে শুধু ঢাকা শহর নয়, পুরো দেশের চেহারা পাল্টে দেব। কোনো দল, ধর্মের ভেদাভেদ করব না আমরা। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করব।’