তারেকের প্রশংসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশের আকাশ-বাতাসসহ প্রতিটি কণা আজ “আমি তারেক জিয়া বলছি” ডাকটি শুনতে চায়।’ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এভাবেই বন্দনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন আবুল বাশার।আজ শনিবার নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অধ্যাপক বাশার এ কথা বলেন। ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ফর ন্যাশনাল ইন্টারেস্টর নামের একটি সংগঠনের ব্যানারে এই আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানজুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকেরা তারেক রহমান সম্পর্কে নানা স্তুতিবাক্য করেন।বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হওয়ার পর তারেক রহমান উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০০৮ সালের এই দিনে চিকিত্সার জন্য লন্ডনে যান। বিএনপি দিনটিকে তারেকের কারামুক্তি দিবস হিসেবে পালন করে।প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, ‘তারেক রহমান জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র হওয়ায় তাঁকে ভালোবাসি। তাঁকে ভালোবাসি, কারণ, তিনি একজন সুযোগ্য নেতার কাছ থেকে শিক্ষা পেয়েছেন।’কলা অনুষদের ডিন সদরুল আমিন বলেন, ‘আমরা চাই, তারেক জিয়া আমাদের মাঝে ফিরে আসুন। তাঁর বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, তা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সরকার তুলে নেবে বলে আমরা আশা করি।’বিজ্ঞান অনুষদের ডিন তাজমেরী এস এ ইসলাম বলেন, ‘ভবিষ্যত্ রাজনীতিতে তারেক রহমানের সুদৃঢ় অবস্থান নিশ্চিত জেনেই তারা উত্কণ্ঠিত হয়ে পড়েছে। তারেক রহমান দেশের বাইরে বসে আত্মসমালোচনা ও আত্মবিশ্লেষণ করছেন।’ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘তারেক রহমান তারুণ্যের অহংকার। তাঁর দেহে দেশপ্রেম ও স্বাধীনচেতার রক্ত বইছে। জনগণ তাঁকে দেশের নেতৃত্বে দেখতে চায়।’অধ্যাপক আবদুল আজিজ বলেন, ‘আজ আমরা মিছিলে মিছিলে বাকশালের আওয়াজ শুনতে পাই। এদের থামাতে হবে। এ জন্য প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের প্রত্যাবর্তন দরকার।’অধ্যাপক আকতার হোসেন বলেন, ‘তারেক রহমানকে তাঁর পিতার গুণে গুণান্বিত হতে হবে। তা থেকে বিচ্যুতি ঘটলে মনে রাখতে হবে, ইতিহাস কাউকে ক্ষমা করে না।’বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমান কোনো ব্যক্তি নন, তিনি একটি রাজনীতির ধারক। একজন সেনানায়ক হয়েও জিয়া জাতিকে ঐক্যবদ্ধ করে স্বপ্ন দেখানো শুরু করেন, আর তারেক সেই চেতনার ধারক।’বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দারের সভাপতিত্বে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক আবুল হাসনাত, আবদুস সাত্তার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফরিদ আহমদ, জহুরুল হক হলের প্রাধ্যক্ষ জাহিদুল ইসলাম, মামুন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।