তারেকের বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেন মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে করা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এ সাক্ষ্য গ্রহণ করেন।গতকাল সাক্ষ্য দেন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইব্রাহিম। তিনি আসামিদের নাম-ঠিকানা বলার পর মামুনের আইনজীবী ফখরুল ইসলাম সময়ের আবেদন করেন। তিনি বলেন, ‘অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর তা শুনানির অপেক্ষায় আছে। তাই তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখা প্রয়োজন। তা না হলে আইনগত জটিলতা দেখা দেবে।’আদালত এর পরিপ্রেক্ষিতে বাদীর আংশিক সাক্ষ্য নিয়ে আগামী ১৮ ও ১৯ অক্টোবর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। সাক্ষ্য গ্রহণের আগে মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।দুদকের আইনজীবী আনিসুল হক সাংবাদিকদের বলেন, গত ৮ আগস্ট তারেক রহমান আদালতে হাজির না হওয়ায় তাঁর অনুপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়। গতকাল অপর আসামি মামুনের পক্ষে সময়ের আবেদন করা হয়। একই কারণ দেখিয়ে গত তারিখেও তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়েছিল।তারেক রহমানের আইনজীবী তাহেরুল ইসলাম পরে প্রথম আলোকে বলেন, তারেক রহমানকে এ মামলায় পলাতক দেখানো হয়েছে। তাই তাঁর পক্ষে তাঁরা আইনগত পদক্ষেপ নিতে পারেননি। তারেক পলাতক নন। তিনি উচ্চ আদালতের আদেশ ও সরকারের অনুমতি নিয়ে বিদেশে চিকি ৎ সাধীন আছেন। মামলার অভিযোগপত্রেও তদন্ত কর্মকর্তা তা উল্লেখ করেছেন।বিদেশে অর্থ পাচারের অভিযোগে ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় তারেক ও মামুনের বিরুদ্ধে দুদক এ মামলা করে। দুদক গত বছরের ২ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।এ মামলা ছাড়াও তারেকের বিরুদ্ধে চাঁদাবাজি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার দুটিসহ ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা ছাড়া বাকি মামলাগুলোর কার্যক্রম হাইকোর্টের আদেশে নিম্ন আদালতে স্থগিত রয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ গ্রেনেড হামলা-সংক্রান্ত দুটি মামলায় ১৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য রয়েছে।সিঙ্গাপুরে ২০ কোটি টাকার বেশি অর্থের অবৈধ লেনদেনের দায়ে গত ২৩ জুন তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে পলাতক দেখিয়ে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩। একই সঙ্গে কোকোকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা জরিমানাও করা হয়।