তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৮ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে করা মামলায় আগামী ৮ আগস্ট অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য করেছেন আদালত। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এ তারিখ নির্ধারণ করেন।আজ সোমবার তারেক রহমানের উপস্থিতি ও অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। একই সঙ্গে আদালত জানান, ওই দিন তারেক রহমান আদালতে উপস্থিত না হলে তাঁর অনুপস্থিতেই অভিযোগ গঠন করা হবে। দুদকের পক্ষে মামলা পরিচালনাকারী আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘তারেক রহমান ও মামলার অপর আসামি গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে সময়ের আবেদন করা হয়। তারেকের আইনজীবী আদালতকে জানান, এই মামলার বিষয়ে আপিল বিভাগ যে খারিজাদেশ দিয়েছেন, ওই আদেশের সত্যায়িত অনুলিপি তাঁরা পাননি। এ জন্য শুনানি মুলতবি রাখার আবেদন করা হয়েছে।’আনিসুল হক এ সময় এ আবেদনের বিরোধিতা করে আদালতকে বলেন, তারেকের পক্ষে মামলাটি চ্যালেঞ্জ করে করা আবেদন আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। তাই তাঁর অনুপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানির ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করেন।মামুনের আইনজীবী ফখরুল ইসলাম জানান, মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সময়ের আবেদন করা হয়।২০ কোটি ৪১ লাখ টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচারের অভিযোগে তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ অক্টোবর দুদক এ মামলা করে। তারেক রহমান চিকিৎসার জন্য কয়েক বছর ধরে বিদেশে আছেন।