বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় আগামী ৮ আগস্ট আসামির উপস্থিতি ও অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য করেছেন আদালত।ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন গতকাল সোমবার এই আদেশ দেন। গতকাল এ মামলায় তারেক রহমানের উপস্থিতি ও অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য ছিল। এ নিয়ে তিন দফায় সময় পেছানো হলো।খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য গতকালও মৌখিকভাবে আবেদন জানানো হয়। আদালত এ বিষয়ে আদেশ না দিয়ে তারেক রহমান ও অপর আসামি গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে করা সময়ের আবেদন মঞ্জুর করেন। এর আগে ৭ জুন তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশারফ হোসেন।তারেক রহমানের আইনজীবীরা আদালতকে বলেন, তারেক রহমান সরকারের নির্বাহী আদেশ ও উচ্চ আদালতের আদেশে বিদেশে চিকিৎ সার জন্য আছেন। এ ছাড়া এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিভিউ আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দেন। তাঁরা ওই খারিজ আদেশের সত্যায়িত অনুলিপি না পাওয়া পর্যন্ত অভিযোগ গঠনবিষয়ক শুনানি মুলতবি রাখার আবেদন করেন।গিয়াসউদ্দিনের আইনজীবী ফকরুল ইসলাম সময় চেয়ে আদালতকে বলেন, গত ৫ মে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক অভিযোগপত্র আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-৩-এ পাঠান। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে করা আবেদন শুনানির অপেক্ষায় আছে। এ কারণে শুনানি মুলতবি রাখা প্রয়োজন।রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী আনিসুল হক এর বিরোধিতা করে বলেন, তারেক রহমানকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। আজও আদালতে হাজির হননি। উচ্চ আদালত রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন। এ ছাড়া অভিযোগপত্র আমলে নেওয়ার আদেশের বিরুদ্ধে তারেক রহমানের পক্ষে আবেদন করা হয়েছিল। তারেকের আইনজীবীরা তা শুনানি করেননি। তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করতে আইনগত কোনো বাধা নেই।মোশারফ হোসেন পরে প্রথম আলোকে বলেন, গতকাল এ মামলায় অভিযোগ গঠনবিষয়ক শুনানি ও আসামির উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৮ আগস্ট এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন। ওই দিন তারেক রহমান উপস্থিত না হলে তাঁর অনুপস্থিতিতেই অভিযোগ গঠনবিষয়ক শুনানি হবে।তারেক রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী জমির উদ্দিন সরকার, মাহবুব উদ্দিন, মহসীন মিয়া, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।২০ কোটি ৪১ লাখ টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচারের অভিযোগে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ অক্টোবর দুদক এ মামলাটি করে। তারেক রহমান চিকিৎ সার জন্য ২০০৮ সালের মে মাস থেকে বিদেশে আছেন।