তারেকের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহীম অভিযোগপত্র জমা দেন।এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তারেক রহমানকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করতে এই মিথ্যা ও ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।আদালত সূত্র জানায়, আজ বুধবার সিএমএম আদালত থেকে মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হতে পারে। গতকাল মহানগর হাকিম কনিকা বিশ্বাসের আদালতে অভিযোগপত্রসহ মামলার নথি উপস্থাপন করা হয়। আদালত অভিযোগপত্রটি নথিতে সংযুক্ত করার নির্দেশ দেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২(ট)-এর (আ) (ই) এবং ৪(২) ধারায় দেওয়া এই অভিযোগপত্রে ১৮ জনকে সাক্ষী করা হয়।দুদক গত বছরের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে। অভিযোগপত্রে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে হিসেবে তারেক রহমানের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর বন্ধু মামুন অবৈধভাবে অর্থ আদায় করেন। তারেক রহমান নিজেকে আড়াল করার জন্য মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করেছেন।অভিযোগপত্রে বলা হয়, তারেক রহমানের অবৈধভাবে অর্জিত অর্থই সিঙ্গাপুরের সিটি ব্যাংকে গিয়াসউদ্দিন আল মামুনের হিসাবে রক্ষিত ছিল।এজাহারে বলা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র (গ্যাস টারবাইন পাওয়ার প্লান্ট) স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ঢাকার নির্মাণ ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে মামুন সাত লাখ ৫০ হাজার মার্কিন ডলার (৫ কোটি ১৭ লাখ টাকা) গ্রহণ করেন। সিঙ্গাপুরে বসে এই লেনদেন হয়। ২০০৩ সালের ১ আগস্ট সিঙ্গাপুরে সিটিব্যাংক এনএ-তে গিয়াসউদ্দিন আল মামুনের ব্যাংক হিসাবে এই অর্থ জমা হয়। এই হিসাবের বিপরীতে মামুনের নামে একটি ক্রেডিট কার্ড এবং তারেক রহমানের নামে একটি সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড ছিল।বিএনপির সংবাদ সম্মেলন: এই অভিযোগপত্রের ব্যাপারে গতকাল গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির রাজনীতিকে দুর্বল করতে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেকের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত রোববার লন্ডনে বিএনপির প্রবাসী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান কখনো রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন না। বিশ্বের বিভিন্ন দেশে বিএনপির নেতাদের আহ্বানে তিনি তাঁদের সঙ্গে মতবিনিময় করেছেন মাত্র। তাঁর শারীরিক অবস্থা ও কুশলাদি জানতে নেতা-কর্মীরা সাক্ষাৎ করেছেন।২০০৭ সালের ১১ জানুয়ারি পটপরিবর্তনের পর ওই বছরের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সরকারের বিশেষ অনুমতি নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। এখনো তিনি সপরিবারে সেখানেই অবস্থান করছেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতিসংক্রান্ত আরও ১৪টি মামলা হয়। হাইকোর্টের আদেশে মামলাগুলোর কার্যক্রম স্থগিত রয়েছে। তাঁর বন্ধু মামুন বিভিন্ন মামলায় এখন কারাগারে আছেন।