বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা বিদেশে অর্থপাচারের মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি মুদ্রা পাচার আইন-২০০৯ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।আজ রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তারেকের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।জানা গেছে, গত বছরের ২৬ অক্টোবর সেনানিবাস থানায় দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলাটি করেন। এ বছরের ৫ জুলাই এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে তারেকের বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা পাচারের অভিযোগ আনা হয়।এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে গত ১ আগস্ট রিটটি দায়ের করা হয়। শুনানি শেষে আদালত আজ এ রুল জারি করেন।