তারেকের বিরুদ্ধে এক ডজন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক ডজন মামলায় জড়িয়ে আছেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বিগত তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান সরকারের আমলে এসব মামলা হয়।আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উচ্চ আদালতের আদেশে ১০টি মামলা স্থগিত আছে। অর্থ পাচারের অভিযোগে করা মামলাটি বিচারের অপেক্ষায় রয়েছে। তারেকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, তারেক রহমানকে প্রায় এক ডজন মামলায় জড়ানো হয়। তিনি সরাসরি এসব মামলায় যুক্ত নন। অর্থ পাচারের মামলাটি ২০০২ সালের আইনে আমলে নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়েছে। ১০ জুলাই এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।অর্থ পাচার মামলায় ৭ জুন তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ৩ জুলাই দিন ধার্য করেন।আইনজীবী সূত্র জানায়, ২৩ জুন সাজা হওয়া আরাফাত রহমান কোকোর মামলা ও তারেক রহমানের অর্থ পাচারের মামলা একই ধরনের। তারেক রহমান এখন লন্ডনে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে কোকোর মতো তাঁর অনুপস্থিতিতেই বিচার হতে পারে।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। প্রায় দেড় বছর কারাভোগের পর উচ্চ আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান। মুক্তির পর তিনি যুক্তরাজ্য চলে যান।তারেক রহমানের একাধিক আইনজীবী জানান, তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁর বিরুদ্ধে ১১টি ও বর্তমান সরকারের আমলে একটি মামলা হয়। এ হিসাবে মামলার সংখ্যা ১২। তবে সব মামলায় তারেক সরাসরি যুক্ত নন। এগুলোর মধ্যে রয়েছে চাঁদাবাজি, দুর্নীতি, কর ফাঁকি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে মামলা। আয়বহির্ভূত সম্পদ অর্জন, জিয়া অরফানেজ ট্রাস্ট, সাব্বির হত্যা ধামাচাপা দিতে ঘুষ ও অর্থ পাচারের অভিযোগে চারটি মামলা করে দুদক। কর ফাঁকির মামলা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চাঁদাবাজির মামলাগুলো ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তি দায়ের করেন। অর্থ পাচার ছাড়া অপর মামলাগুলোর বিচারকাজ উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে।আলোচনায় অর্থ পাচার মামলা: অর্থ পাচার মামলাটি দুদক ২০০৯ সালের ২৬ অক্টোবর দায়ের করে। এ মামলায় গিয়াসউদ্দিন আল মামুনও আসামি। ২০১০ সালের ৬ জুলাই তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমানের করা রিট আবেদন গত ২৯ সেপ্টেম্বর খারিজ করেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে তিনি লিভ টু আপিল করেন। আপিল বিভাগ গত ৯ ফেব্রুয়ারি এ লিভ টু আপিল নিষ্পত্তি করে রায় দেন। তবে এ রায় পুনর্বিবেচনার জন্য ২ মে আবেদন করা হয়। এ আবেদন খারিজ হয় আপিল বিভাগে। ৭ জুন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে দুদক।দুদকের আইনজীবী আনিসুল হক প্রথম আলোকে বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা আছে। এ মামলার বিচার প্রক্রিয়াধীন। তারেক রহমান হাইকোর্টে রিট করলে তা খারিজ হয়। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে তাও খারিজ হয়। সর্বশেষ পুনর্বিবেচনার আবেদনও খারিজ হয়। আদালত বলেছেন, অভিযোগ ২০০২ সালের আইনে বিবেচিত হবে। ২০০৯ সালের কার্যবিধি অনুসরণ করা হবে। এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, এ মামলা চলতে আইনগত কোনো বাধা নেই।খালেদা জিয়ার চার মামলা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা চারটি মামলা হাইকোর্টে বিচারাধীন। মামলাগুলো হচ্ছে নাইকো, গ্যাটকো, বড়পুকুরিয়া কয়লাখনি ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা। প্রথম তিনটি মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, চারটি মামলা হাইকোর্টে বিচারাধীন আছে। এর মধ্যে তিনটি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটিতে বিএনপির চেয়ারপারসনের বাতিল আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। গত বছরের ৩ ফেব্রুয়ারি আদালতের দেওয়া নির্দেশনায় যত দিন রুলের ওপর পূর্ণাঙ্গ শুনানি না হবে, তত দিন আবেদনকারী সময়ের আবেদন জানালে সময় দেওয়ার কথা বলা হয়। মামলা প্রত্যাহার প্রশ্নে তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পরপরই চারটি মামলা প্রত্যাহারের জন্য আবেদন করা হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কিছু জানানো হয়নি।