তারেকের বিরুদ্ধে ২০ কোটি টাকা পাচারের মামলা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, বিরোধী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক জিয়ার বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৪৪৩ টাকা পাচারের অভিযোগে মামলা হয়েছে। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন।আজ রোববার জাতীয় সংসদে নাজমা আক্তারের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।সাংসদ তারানা হালিমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দ্রুততা ও স্বচ্ছতার ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ শেষ করার জন্য আরও ট্রাইব্যুনাল গঠনের কাজ প্রক্রিয়াধীন। হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে তিনি জানান, সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা সরকারের আছে। এ বিষয়ে যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।শাম্মী আক্তারের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, সরকার সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের বিষয়ে আন্তরিক। সুপ্রিম কোর্টসহ যেকোনো আদালতের রায় বাংলায় দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। সুপ্রিম কোর্টে কোনো কোনো বিচারক বাংলায় রায় দিয়ে থাকেন। তা ছাড়া সুপ্রিম কোর্টে দাপ্তরিক কাজে বাংলা ভাষা ব্যবহার হচ্ছে। তবে পূর্ণাঙ্গভাবে বাংলা ভাষা চালুর বিষয়টি সুপ্রিম কোর্টের এখতিয়ারে রয়েছে। প্রশ্নোত্তর পর্বে নূর-ই-হাসনা লিলি চৌধুরীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। ফরিদুন্নাহার লাইলীর লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করা না হলে সারা দেশের বিপুল পরিমাণ মামলার নিষ্পত্তি করা অসম্ভব। সরকার মামলাজট কমানোর জন্য ফৌজদারি কার্যবিধিতে সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি বাধ্যতামূলক করা হবে।বিএনপির অনুপস্থিত সাংসদ নিলুফার চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে জেলা জজ পদে ৮৪ জন, যুগ্ম জেলা জজ পদে (সাব জজ) ৫৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৫৫ জন ও আপিল বিভাগে ১০ জন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান।সংসদে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন জানান, টিপাইমুখ বাঁধের ফলে বাংলাদেশের ওপর এর কী প্রভাব পড়বে, তা নিরূপণ করতে সমীক্ষা চালাতে বাংলাদেশ পক্ষের দল গঠন প্রক্রিয়াধীন। মন্ত্রী আরও জানান, ভারতের প্রস্তাবিত টিপাইমুখ (বহুমুখী) জলবিদ্যুত্ প্রকল্পের জন্য ভারত ও বাংলাদেশ যৌথ সমীক্ষা প্রণয়নে এর মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতীয় পক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল সাড়ে চারটায় সংসদের অধিবেশন শুরু হয়।ইমাজউদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরিতে দুই লাখ ৩১ হাজার ১৫৭ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে।সাধনা হালদারের প্রশ্নের জবাবে আশরাফ জানান, মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় প্রাধিকার কোটার ২৮ ও ২৯তম বিসিএস পরীক্ষায় কারিগরি ও পেশাগত ক্যাডারে অপূরণকৃত পদ পূরণের লক্ষ্যে ৩২তম বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে এক হাজার ৪৮৯টি পদে নিয়োগের কার্যক্রম নেওয়া হয়েছে।