তারেকের রাজনীতির প্রশংসায় বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারেক রহমানকে একজন পরিপক্ব রাজনীতিবিদ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা। তাঁরা দেশের রাজনীতিতে তারেকের নানামুখী অবদানের কথা তুলে ধরে বলেন, তিনিই হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যত্ রাজনীতির কর্ণধার।বিএনপির সমর্থক সংগঠন আজকের প্রজন্ম ফোরামের উদ্যোগে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা এভাবে চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করেন। তারেক রহমানের উদ্যোগে ২০০৫ সালে সারা দেশে শুরু হওয়া ‘ইউনিয়ন প্রতিনিধি সভা’র পঞ্চমবার্ষিকী উপলক্ষে ‘তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভার প্রয়োজনীয়তা’ শীর্ষক এই আলোচনা সভা ও ভিডিওচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমান। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ ও মনিরুজ্জামান মিঞা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ ও সদরুল আমিন, অধ্যাপক নজরুল ইসলাম এবং সাংবাদিক রেজোয়ান সিদ্দিকী।ইউনিয়ন প্রতিনিধি সভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সারা দেশ থেকে তৃণমূলের কয়েক শ নেতা প্রেসক্লাবে উপস্থিত হন। এ ছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সভায় উপস্থিত থাকলেও বক্তৃতা দেননি। মুস্তাহিদুর রহমান বলেন, তৃণমূলের রাজনীতি ফেলনা নয়, এটা অপরিহার্য। এটা বিএনপিকে বুঝতে হবে। বিএনপি তৃণমূল থেকে বিচ্যুত হয়েছিল। তারেক রহমান এসে তৃণমূলের হাল ধরেছিলেন। সাবেক উপাচার্য বলেন, ‘তারেক যদি অন্যায় করে থাকেন তবে নিশ্চয় তিনি ভুল বুঝতে পারবেন। তিনি একটি বিশেষ পরিস্থিতির কারণে দেশের বাইরে অবস্থান করছেন। আশা করি তিনি শিগগিরই সোনা হয়ে ফিরবেন।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, জিয়াউর রহমানের হাত ধরে এ দেশে কল্যাণমুখী রাজনীতির সূচনা হয়েছিল। তৃণমূলের সেই ধারা তারেক রহমান অব্যাহত রেখেছেন। দীঘদিন কোনো দল ক্ষমতায় থাকতে চাইলে সেই দলের নেতাদের তৃণমূলের কাছে ফিরে যেতে হবে। রেজোয়ান সিদ্দিকী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে একটিও দুর্নীতির মামলা প্রমাণিত হয়নি। কেউ বলেননি তিনি চাঁদা নিয়েছেন। মাহবুব উল্লাহ বলেন, রাজনীতিতে তারেক রহমানের শুরুটা ভালো। ভবিষ্যতে দলকে সামনে এগিয়ে নিতে তাঁর প্রয়োজন রয়েছে।