আপিল বিভাগ অর্থপাচার মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন। আজ বুধবার বেলা পৌনে একটার দিকে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়, নথিপত্রে দেখা যাচ্ছে, আবেদনকারীর (তারেক) বিরুদ্ধে অপরাধের প্রাথমিক অভিযোগ রয়েছে। তাই ২০০২ সালের মুদ্রাপাচার আইন অনুসারে মামলা চলতে পারে। ভুল ধারণা থেকে লিভ টু আপিল করায় তা নিষ্পত্তি করা হলো।আদেশের পর তারেকের আইনজীবী মওদুদ আহমদ বলেন, ২০০৯ সালের আইনে মামলাটি করা হয়। তাই মামলাটি চলবে না। ২০০২ সালের আইনটি ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর হাইকোর্ট তারেক রহমানের রিট খারিজ করে রায় দেন। এতে স্থগিতাদেশ চেয়ে তারেক রহমানের পক্ষে লিভ টু আপিল করা হয়। এ বছরের ৩ জানুয়ারি চেম্বার বিচারপতি কোনো স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।এর আগে ২০০৯ সালের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে মামলা করে। গত বছরের ৫ জুলাই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।