তারেকের লিভ টু আপিল শুনানি মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থপাচার মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লিভ টু আপিলের ওপর শুনানি মুলতবি করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারী আবার শুনানি হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। আজ রোববার সকালে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি গ্রহণ করেন। আদালতে তারেক রহমানের পক্ষে আইনজীবী আহসানুল করিম এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মামলা পরিচালনা করেন। শুনানিতে তারেকেরে আইনজীবীরা বলেন, ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালে ৩১ মে পর্যন্ত অপরাধের কথা বলা হয়েছে। ২০০৮ সালের ১৫ এপ্রিল একটি আইন হয়। এরপর ২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি আরও একটি আইন হয়। আগের ঘটনা পরের আইনে বিচার করা যায় না। অপরাধ সংঘটনের সময়ের আইনে এবং পরের আইনে মানি লন্ডারিংয়ের সংজ্ঞায় তারতম্য রয়েছে।রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, ২০০২ সালের আইনে মানিলন্ডারিংয়ের সংজ্ঞা রয়েছে। ২০০৯ সালের আইনেও সে বিষয়ে সংজ্ঞা রয়েছে। এর সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়গুলো যুক্ত করা হয়েছে। ফলে মামলা দায়েরে কোনো ব্যত্যয় ঘটেনি। মামলা দায়ের যথার্থ হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামীকাল শুনানির দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, কাল হরতাল ও এর পরের দিন সরস্বতী পূজা উপলক্ষে বন্ধ থাকায় ৯ ফেব্রুয়ারি শুনানি হবে। জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর হাইকোর্ট তারেক রহমানের রিট খারিজ করে রায় দেন। এতে স্থগিতাদেশ চেয়ে তারেক রহমানের পক্ষে লিভ টু আপিল করা হয়। এ বছরের ৩ জানুয়ারি চেম্বার বিচারপতি কোনো স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। গত ৩০ জানুয়ারি বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসে। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৬ অক্টোবর দুদক তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে মামলা করে। গত বছরের ৫ জুলাই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলা ও মুদ্রাপাচার আইনের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের আগস্ট মাসে হাইকোর্টে তারেক রহমানের পক্ষে রিট আবেদনটি করা হয়।