তারেকের লিভ টু আপিলের শুনানি ২০ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থপাচার মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমানের রিট খারিজে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি ২০ জানুয়ারি। আজ সোমবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি ওই দিন শুনানির জন্য আদেশ দেন। এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর হাইকোর্ট তারেক রহমানের রিট খারিজ করে রায় দেন। এতে স্থগিতাদেশ চেয়ে তারেক রহমানের পক্ষে লিভ টু আপিল করা হয়। আজ দুপুরে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন তাঁর আইনজীবী মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আনিসুল হক।মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছিল। স্থগিতাদেশ চেয়ে করা আবেদনটি বিবেচনার জন্য ২০ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৬ অক্টোবর দুদক তারেক রহমান এবং তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে মামলা করে। গত ৫ জুলাই এর অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলা এবং মুদ্রাপাচার আইনের বৈধতা চ্যালেঞ্জ করে গত আগস্ট মাসে হাইকোর্টে তারেক রহমানের পক্ষে রিট করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট আদালত রুল জারি করেন। রুলের ওপর গত বছরের ২৮ সেপ্টেম্বর শুনানি শেষ হয়।