তারেকের শাশুড়ির সম্পদ বিবরণী জমা দিতে দুদকের চিঠি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের শাশুড়ির কাছে দ্বিতীয় দফায় সম্পদের হিসাব জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের পক্ষ থেকে সৈয়দা ইকবাল মান্দ বানুর ধানমন্ডির বাসার ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে।তত্ত্বাবধায়কের আমলে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে তারেকের বিরুদ্ধে করা মামলায় তাঁর স্ত্রী জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে সহযোগী আসামি করা হয়। পরে আদালত ওই মামলার শুনানিতে সহযোগী আসামির তালিকা থেকে ইকবাল মান্দ বানুর নাম বাদ দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত বলেন, দুদক চাইলে ইকবাল মান্দ বানুর বিষয়ে আলাদাভাবে আইনি প্রক্রিয়া শুরু করতে পারে। আদালতের ওই আদেশের পর দুদক নতুন করে ইকবাল মান্দ বানুর সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করে।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলো অনলাইনের কাছে এ নোটিশের বিষয়টি নিশ্চিত করেন। কমিশন সূত্র জানায়, আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সম্প্রতি কমিশনের এক বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। কারণ ওই সময়ে তারেকের ব্যাংক হিসাবে তাঁর শাশুড়ি ইকবাল মান্দ বানুর কিছু অর্থ পাঠানোর রেকর্ড রয়েছে। প্রথম নোটিশের কোনো জবাব না দেওয়ায় দ্বিতীয় দফা নোটিশ জারির এ সিদ্ধান্ত নেওয়া হয়।