তাল কাটেনি হরতালে। তবে গতকাল মঙ্গলবার বইমেলার শুরুটা ভালো ছিল না। ঠিক তিনটার পরপর মেলায় গিয়ে দেখা গেল, বিষণ্ন মুখে বসে আছেন প্রকাশক ও বিক্রয়কর্মীরা। প্রবেশপথেও ছিল ভীষণ কড়াকড়ি। অবশ্য নিজেদের নিরাপত্তার কথা ভেবে সবাই হাসিমুখে মেনে নিলেন নিরাপত্তারক্ষীদের বাড়তি সতর্কতা।পাঁচটার পর হঠাৎ করেই ভিড় বাড়তে শুরু করে। একসময় লেখক-প্রকাশক ও বইপ্রেমীদের আড্ডায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলার প্রবেশপথে প্রকাশকদের আড্ডায় নালন্দার স্বত্বাধিকারী রেজওয়ানুল হক স্বগতোক্তি করার মতো করেই বললেন, ‘আরে, এ তো দেখছি ছুটির নিমন্ত্রণ লেগে গেছে।’ আরেক প্রকাশক শ্রাবণের স্বত্বাধিকারী রবীন আহসান বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য আহূত হরতাল তো বইপ্রেমীরা মানবে না, এটাই তো স্বাভাবিক। এ সময় ওই আড্ডায় এসে যোগ দিলেন লেখক-প্রকাশক পারভেজ হোসেন। বললেন, মানুষের মনে একটু আতঙ্ক ছিল। আতঙ্ক কেটে যাওয়ায় মেলায় আসতে শুরু করেছেন। শেষ বিকেলে পরিবার-পরিজন নিয়েও এলেন অনেকে। তবে বেচাকেনা ভালো হয়নি বলে জানালেন বেশির ভাগ প্রকাশক। অবশ্য মাওলা ব্রাদার্সের স্বত্বাধিকারী আহমেদ মাহমুদুল হক, অ্যাডর্ন পাবলিকেশনের প্রধান সৈয়দ জাকির হোসেন, ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান, ইত্যাদি প্রকাশনের প্রকাশক জহিরুল আবেদীন জানালেন, বিক্রিও নেহাত মন্দ হয়নি। সৈয়দ জাকির জানান, বইমেলার পঞ্চম দিনে এর চেয়ে বেশি বিক্রি কখনোই হয় না। আরিফুর রহমান বলেন, ‘আমরা আশা করছি মেলা এবার অনেক ভালো হবে। কারণ, এবারই প্রথমবারের মতো বইমেলা শুধু বইয়ের প্রকাশকদের মেলায় রূপান্তরিত হলো।’বইমেলার এমন নতুন চেহারার উচ্ছ্বসিত প্রশংসা করলেন বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক মনসুর মুসা। বললেন, ‘আমি যখন দায়িত্বে ছিলাম, তখন এমন একটি মেলা করতে চেয়েছি। চেষ্টা করেছি মেলায় পসরা সাজিয়ে বসা রাজনৈতিক দল ও উন্নয়ন সংস্থাকে জায়গা না দিতে।’ তিনি বইমেলাকে শুধু বই প্রকাশকদের মেলায় রূপান্তর করার প্রশংসা করে বলেন, এখন প্রয়োজন পাইরেটেড বইয়ের বিক্রেতাদের বিদায় করা। বইমেলার নতুন এ চেহারা দেখে সন্তোষ প্রকাশ করলেন কবি কামাল চৌধুরী। তাঁর সঙ্গে কথা হয় লিটল ম্যাগাজিন চত্বরে। সেখানে কবি খোন্দকার আশরাফ হোসেনের সঙ্গে গল্প করছিলেন। এ চত্বর ও আশপাশ ঘিরে আড্ডা চলছিল। আলী ইমাম, লুৎফর রহমান রিটন ও আমীরুল ইসলাম—এ তিন শিশু-সাহিত্যিককেও দেখা গেল একসঙ্গে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই শীর্ষনেতা রামেন্দু মজুমদার ও গোলাম কুদ্দুছের সঙ্গে আলাপ হলো মেলা প্রাঙ্গণে। সব আড্ডায় প্রধান আলোচ্য বিষয় ছিল যুদ্ধাপরাধের বিচার। জনপ্রিয় কথাশিল্পী আনিসুল হককে দেখা গেল এ বিষয়ে টেলিভিশনে সাক্ষাৎকার দিতে।আনিসুল হক জানালেন, তোমাকে না পাওয়ার কবিতা প্রথমা প্রকাশন থেকে এরই মধ্যে মেলায় এসেছে। কাল (আজ) আসবে তাঁর নতুন উপন্যাস উষার দুয়ারে। এ উপন্যাসটি তাঁর যারা ভোর এনেছিল উপন্যাসের দ্বিতীয় পর্ব। প্রথমা প্রকাশনের বিক্রয়কর্মীরা জানালেন, এরই মধ্যে উষার দুয়ারে উপন্যাসটি নিয়ে পাঠকের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। প্রথমা প্রকাশনের আরেকটি বইউইকিলিকসে বাংলাদেশ মেলার প্রথম দিন থেকেই ব্যাপক বিক্রি হচ্ছে। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পররাষ্ট্র বিভাগের সদর দপ্তরে পাঠানো গোপনীয় তারবার্তার ভান্ডার থেকে ৭৩টি নির্বাচিত তারবার্তার হুবহু বাংলা অনুবাদ রয়েছে এ বইতে। আছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত একটি পর্ব ২০০৭ ও ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকার ও তার নেপথ্যের অনেক অজানা কথা। বইটি সংকলন, অনুবাদ ও সম্পাদনা করেছেন মশিউল আলম।মেলামঞ্চে: গতকাল মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘সারস্বত ড. মুহম্মদ এনামুল হকের সারাৎসার’ শীর্ষক সেমিনার। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ভাষাবিজ্ঞানী মহাম্মদ দানীউল হক। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন মনসুর মুসা ও রহমান হাবিব। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ মেলামঞ্চে বিকেল চারটায় রয়েছে ‘দ্বিজেন্দ্রলাল রায় সার্ধশত জন্মবার্ষিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। নতুন বই : বাংলা একাডেমীর তথ্যকেন্দ্র থেকে গতকাল ৭৫টি নতুন বই ও ছয়টি বইয়ের মোড়ক উন্মোচনের খবর জানানো হয়েছে। সৈয়দ শামসুল হকের কবিতার বই যদি পাই পুনরাবৃত্তেই, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের ইলা মিত্র যদি এই সন্ধ্যাটা দেখে যেতে পারতেন শুদ্ধস্বর, বদরুদ্দীন উমরের রচনা সংগ্রহ: ২ শ্রাবণ, সেলিনা হোসেনের উপন্যাস আগস্টের একরাত, হুমায়ূন আহমেদ নিয়ে আহসান হাবীবের লেখা গল্পের জাদুকর সময় প্রকাশন, বেলাল মোহাম্মদের আত্মজৈবনিক রচনা কতো ঘরে ঠাঁই ইত্যাদি প্রকাশন, কামাল চৌধুরীর কবিতার বই মুক্তি ও স্বাধীনতার কবিতা বেঙ্গল পাবলিকেশন্স, হাসনাত আবদুল হাইয়ের উপন্যাস ইউটোপিয়া আগামী প্রকাশনী মেলায় এনেছে।