মাগুরার শালিখা উপজেলার শান্ত সবুজ এক গ্রাম—নাম তালখড়ি। বছর চারেক আগেও গ্রামের অধিকাংশ বাসিন্দাই ছিলেন অভাবী। গ্রামটি অপেক্ষাকৃত নিচু এলাকায়। বর্ষায় ডুবে যায় মাঠঘাট। ফসল সে রকম হয় না। কাজ থাকে না মানুষের। অভাব যেন জেঁকে বসেছিল তালখড়িতে। তবে এখন ঘুরে দাঁড়িয়েছে তালখড়ির মানুষ। আইসক্রিমের কাঠি তৈরি করে নিজেদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে তারা। আর এই নীরব বিপ্লব ঘটে গেছে গ্রামেরই প্রদীপ সরকার ও তাঁর পরিবারের উদ্যোগে। সত্যি সত্যিই পরাজিত হয়েছে অভাব।যেভাবে শুরু: তালখড়ি গ্রামের বাসিন্দা কালিদাস সরকার। নিজের সাত বিঘা জমি থাকলেও চাষাবাদ ভালো হয় না বলে সংসারে অভাব লেগেই ছিল। প্রায় এক দশক আগে কালিদাস ভারতে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। সেখানে তাঁর চোখে পড়ে আইসক্রিমের কাঠি তৈরির কারখানা। জানতে পারেন, কারখানা করতে পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগে। তবে লাভ ভালো। কিছুদিন পর বাড়ি ফিরে ছেলে প্রদীপ সরকারকে একটি কারখানা করার ইচ্ছার কথা জানান। টাকার অভাবে তখন কারখানা করা হয়ে ওঠেনি। তবে সুপ্ত বাসনাটা থেকে যায়। সেই বাসনা থেকে ২০০৭ সালে বাবা-ছেলে মিলে জমি বন্ধক আর কয়েকটি ব্যাংক থেকে ঋণ নিয়ে পাঁচ লাখ টাকা জোগাড় করেন। ভারত থেকে আনা হয় মেশিন। কারখানার সব কাজ শেষ করে পরের বছর আনুষ্ঠানিকভাবে কাঠি তৈরি শুরু হয়।কাঁচামাল, বিক্রি-দরদাম: আইসক্রিমের কাঠি তৈরিতে কদম, আমড়া ও ছাতিমজাতীয় নরম কাঠ লাগে। এসব কাঠের দামও তুলনামূলক কম। এক ঘনফুট (সিএফটি) কাঠ কেনা হয় ১৬০ থেকে ১৭০ টাকায়। কারখানায় প্রতিদিন ৩০ থেকে ৩৫ সিএফটি কাঠ লাগে। ডিজেল লাগে ১৫ থেকে ১৬ লিটার।কারখানায় ছোট ও বড় আকারের কাঠি তৈরি হয়। ছোট কাঠি প্রতি বান্ডিল (এক বান্ডিলে এক হাজার কাঠি) ২৫ থেকে ৩০ টাকায় এবং বড় কাঠি ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়। এসব কাঠি ঢাকার যাত্রাবাড়ী ছাড়াও মাগুরা, ঝিনাইদহ নড়াইল, ফরিদপুর, কুষ্টিয়া ও রাজবাড়ীতে বিক্রি করা হয়। কাঠি তৈরির প্রক্রিয়ায় প্রচুর পরিত্যক্ত কাঠ বের হয়। এ ছাড়া কাঠি বাঁধার (বান্ডিল করা) সময়ও প্রচুর কাঠি বাছাই করে বাদ দেওয়া হয়। এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। সরেজমিনে এক দিন: সম্প্রতি তালখড়ি গ্রামে গিয়ে কাঠি তৈরির কর্মযজ্ঞ দেখা গেল। গ্রামের বেশির ভাগ বাড়িতেই বড় বড় স্তূপ করে কাঠি রাখা হয়েছে। ওই স্তূপ থেকে কাঠি গুছিয়ে বান্ডিল করার কাজ চলছে। কাঠিসহ বান্ডিল করার সবকিছু কারখানা থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। অভাবী নারীদের পাশাপাশি সচ্ছল পরিবারের নারীরাও বাড়তি আয়ের আশায় সানন্দে কাঠি বাঁধেন।প্রদীপের কারখানার অদূরে মোহন শিকদারের পাকা বাড়ি। বারান্দায় তাঁর স্ত্রী গীতা শিকদার (৫২) কাঠি বেছে বেছে বান্ডিল করছিলেন। সচ্ছল হয়েও কেন কাঠি বাঁধার কাজ? গীতার উত্তর, ‘অবসরে অলস সময় কাটাই। সেই সময়টুকু কাঠি বেঁধে কিছু পাচ্ছি, মন্দ কি?’ প্রদীপের কারখানায় কাঠি বাঁধায় নিয়োজিত সবাই নারী। প্রদীপের ভাষায় ‘আমাদের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক নারী। তাদের কাজের বাইরে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। তাই এই কাজে নারীদের সম্পৃক্ত করেছি।’ জানা গেল, ৫৫ জন তালিকাভুক্ত নারী নিয়মিত কাঠি বাঁধেন। কোনো কোনো সময় এই সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়। পাশাপাশি এই নারীদের পরিবারের সদস্য নারী, শিশু ও বৃদ্ধারাও এই কাজ করেন। সব মিলিয়ে গড়ে প্রতিদিন কমপক্ষে ২০০ নারী কাঠি বাঁধার কাজ করেন।প্রদীপ জানালেন, এক হাজার কাঠি বাঁধতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে। এ জন্য দেওয়া হয় এক টাকা। একজন নারী গড়ে প্রতি মাসে দেড় থেকে দুই হাজার টাকা পান।কাঠি বেঁধেই ভাত-কাপড়: তালখড়ি গ্রামে গেলে যে কারও চোখে পড়বে নারীদের গোল হয়ে বসে কাঠি বাঁধার দৃশ্য। কথা হলো হাসেম মোল্লার স্ত্রী কুটি বেগমের (৬০) সঙ্গে। ‘কাঠি বাঁধার কাম না থাকলি যে কীভাবে খাইয়ে-পরে বাঁচতাম!’ বললেন কুটি।গৃহবধূ তপতী শিকদার (৪০)। চোখে খুব কম দেখেন। স্বামী দিনমজুর। প্রতিদিন কাজ মেলে না। কাঠি বাঁধার কাজ তাঁদের কাছে এসেছে আশীর্বাদ হয়ে। অনুমান করেই কাঠি বেছে বান্ডিল করেন তপতী। সপ্তম শ্রেণীতে পড়া মেয়ে বিদ্যালয় থেকে ফিরে তাঁর সঙ্গে কাজে যোগ দেয়। ছেলে বিপুল মাসে তিন হাজার টাকা বেতনে প্রদীপের কারখানায় মেশিন চালনার কাজ নিয়েছে। তপতী জানালেন, কাঠি বাঁধার কাজ করেই ভাত-কাপড় মিলছে তাঁদের।‘বাড়ির কাজকাম সেরে যেটুক সময় পাই কাঠি বাঁধি। তাতে মাসে দেড়-দুই হাজার টাহা হয়। কিন্তুক চাকরির মতো সময় বান্দে কাজ করতি পারলি তিন থেকে চার হাজার টাহাও পাওয়া যায়।’ জানালেন গৃহবধূ ডলি বেগম। খোকন শেখের স্ত্রী চায়না বেগম (২৫) বলছিলেন কাঠি তৈরির ওপর অভাবী মানুষের নির্ভরতার কথা। ‘এর ওপরেই বাঁচে আছি। প্রায় সব বাড়ির মাইয়ে, বউ-বাচ্চা সবাই কাঠি বান্দে। কারখানা না হলি আমরা যে কী করে খাতাম।’ গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, গ্রামের অন্তত ৫০ জন মেয়েশিশু পড়াশোনার পাশাপাশি কাঠি বাঁধার কাজ করে। সেই টাকা দিয়ে তারা পড়াশোনা ও জামাকাপড় কেনার খরচ চালায়। শুধু অভাব জয় নয়, আইসক্রিমের কাঠি তৈরির প্রক্রিয়ায় পরিত্যক্ত কাঠ ও কাঠি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পেরে গ্রামের গৃহবধূরা দারুণ খুশি। গৃহবধূ শম্পা শিকদার (১৯) উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘গ্রামের মহিলাগের রান্নাবান্নার কষ্ট নেই। এই জ্বালানিতে চোখ জ্বলে না, ধুঁয়া নেই। চুলায় দিলি ফড়ফড় করে আগুন জ্বলে। বউগের শান্তি।’কাজ চলে সারা বছর: কাঠি তৈরির কাজে সারা বছরই কর্মব্যস্ত থাকে তালখড়ি গ্রাম। সাধারণত কার্তিক থেকে মাঘ মাস পর্যন্ত সময়টায় শীতের কারণে আইসক্রিমের চাহিদা কমে যায়। তবে এই মৌসুমে গরমকালের জন্য কাঠি মজুদ করে রাখা হয়। কারখানায় গড়ে প্রতি মাসে ৪০ লাখ পিস কাঠি তৈরি হয়।প্রদীপের কথা: প্রদীপ মাগুরা সরকারি কলেজে বাংলায় স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে পড়ছেন। পাশাপাশি কারখানার সব বিষয় দেখভাল করছেন। প্রদীপ বলেন, ‘সবাইকে নিয়ে ভালো থাকার আনন্দই আলাদা। এই অনুভূতি বলে বোঝানো যাবে না।’ জানালেন, ‘সব খরচ বাদে মাসে ৩৫ থেকে ৪০ হাজার টাকা লাভ থাকে।’ স্বপ্নের কথাও জানালেন প্রদীপ, ‘আমি সবাইকে সঙ্গে নিয়ে অভাবী এই অঞ্চলকে একদিন বদলে দেব।’ তাঁরা যা বলেন: স্থানীয় থৈপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরবিন্দ রায় বলেন, ‘প্রদীপের কাঠি তৈরির কারখানা গ্রামের মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আমাদের সমাজে প্রদীপের মতো আরও প্রদীপ দরকার।’ স্থানীয় শতখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘প্রদীপের কারখানা বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।’