তালতলী উপজেলায় একজন চিকিৎসকও নেই
বরগুনার বঙ্গোপসাগর তীরের তালতলী এলাকার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিন বছর আগে এখানে ২০ শয্যার একটি হাসপাতাল ভবন নির্মাণ করা হলেও চিকিৎসক ও অন্যান্য জনবল সংকটের কারণে তা চালু করা যাচ্ছে না। হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় প্রতিদিন অসংখ্য রোগী ভোগান্তির শিকার হচ্ছে। তিনটি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত উপজেলা তালতলীর (বর্তমানে পুলিশ থানা) বর্তমান জনসংখ্যা প্রায় পৌনে দুই লাখ। এই তিন ইউনিয়নে মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র। এসব বিবেচনায় ২০০৪ সালে তালতলীতে ২০ শয্যার হাসপাতাল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০০৭ সালের শেষের দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে ভবন হস্তান্তর করার আগেই চারদলীয় জোট সরকারের শেষ সময়ে বিএনপির সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার তড়িঘড়ি করে দুজন চিকিৎসক ও তিনজন সেবিকা নিয়ে হাসপাতালটি উদ্বোধন করেন। উদ্বোধনের ১৫ দিন যেতে না যেতেই চিকিৎসক ও সেবিকাসহ সবাই বদলি হয়ে অন্যত্র চলে যান। এরপর থেকে হাসপাতালটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।স্থানীয় লোকজন জানায়, হাসপাতালটি চালু না হওয়ায় এখন এলাকার লোকজনকে চিকিৎসার জন্য যেতে হয় ৩৫ কিলোমিটার দূরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা জেলা সদর বরগুনায়। যা অধিকাংশ দরিদ্র মানুষের পক্ষেই অসম্ভব। সরকারি নীতিমালা অনুযায়ী, দেশের প্রতি চার হাজার মানুষের জন্য একজন প্রশিক্ষিত এমবিবিএস চিকিৎসক থাকার কথা থাকলেও এখানে পৌনে দুই লাখ মানুষের জন্য একজনও নেই। বঙ্গোপসাগরের তীরবর্তী হওয়ায় তালতলী এলাকার যোগাযোগ ব্যবস্থা এতটাই দুর্গম ও অনুন্নত যে, গ্রাম থেকে রোগী নিয়ে তালতলী থানা সদরে আসতেই অনেক দুর্ভোগ পোহাতে হয়। আর এসব কারণে এখানে বেসরকারি পর্যায়েও কোনো চিকিৎসাসেবা প্রতিষ্ঠান (ক্লিনিক) গড়ে ওঠেনি।জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্র জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তালতলীর তিনটি ইউনিয়নে তিনটি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। পদায়ন অনুসারে এর প্রতিটিতে একজন করে তিনজন এমবিবিএস চিকিৎসক থাকার কথা থাকলেও নেই একজনও। অনেক বছর ধরে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কোনো চিকিৎসক না থাকায় সেগুলো পরিচালিত হচ্ছে চিকিৎসা সহকারীদের দিয়ে। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগ নির্ণয়ের কোনো উপকরণ না থাকায় চিকিৎসা সহকারীরা রোগীদের অনুমাননির্ভর চিকিৎসা দিয়ে থাকেন। অর্থাভাবে দরিদ্র রোগীরা দূরের হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসা করাতে না পেরে অধিকাংশই শরণাপন্ন হয় গ্রাম্য হাতুড়ে চিকিৎসক, কবিরাজ অথবা ঝাড়-ফুঁক দেওয়া ফকিরের কাছে। হঠাৎ কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার মতো কোনো ব্যবস্থা এখানে না থাকায় তাদের নির্ভর করতে হয় ভাগ্যের ওপর।স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আ. মান্নান বলেন, ‘অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সময়মতো শহরে গিয়ে চিকিৎসা করানোটাও এ অঞ্চলের লোকজনের একরকম দুঃসাধ্য ব্যাপার। তিন-চার বছর আগে তালতলী স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক এলেও তিনি সপ্তাহে দুই দিনের বেশি থাকতেন না। এভাবে দুই মাস থাকার পর তিনিও বদলি হয়ে অন্যত্র চলে যান। এরপর এই স্বাস্থ্যকেন্দ্রটি চিকিৎসকশূন্য অবস্থায় আছে। এদিকে দীর্ঘদিন ধরে তালতলী উপস্বাস্থ্যকেন্দ্রের নতুন ও পুরোনো ভবনগুলো অব্যবহূত থাকায় বর্তমানে বেশির ভাগ ভবনই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কোনো কোনো ভবনের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়েছে, ভেঙে গেছে দরজা-জানালা। হাসপাতালে সরবরাহ করা আসবাবপত্রগুলোও বর্তমানে ব্যবহারের অনুপযোগী। এ ব্যাপারে বরগুনার সিভিল সার্জন জহিরুল ইসলাম বলেন, ‘তখন আমরা রাজনৈতিক চাপে অসম্পূর্ণ অবস্থায় তালতলী স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করতে বাধ্য হয়েছিলাম, এখন চিকিৎসক ও পর্যাপ্ত লোকবলের অভাবে ওই স্বাস্থ্যকেন্দ্রে কার্যক্রম শুরু করা যাচ্ছে না। তালতলী হাসপাতাল ও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রলোতে চিকিৎসক না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বরগুনায় নতুন করে চিকিৎসক নিয়োগ দেওয়া হলেই তালতলী হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করা হবে।’