বিশেষ প্রতিবেদন-চেতনতায় নারীর তালাকের হার বেড়েছে
তালাক এখন নারীরও প্রতিবাদের হাতিয়ার
তনু (ছদ্মনাম) ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু এক বছরের মাথায় স্বামীকে তালাক দিতে বাধ্য হয়েছেন। তনু বলেন, ‘এ সমাজে নারীরা অনেক এগিয়েছে। কিন্তু তার পরও তালাকপ্রাপ্ত কোনো নারীকে সমাজ ভালো চোখে দেখে না। এটা ভালো করেই জানি। কিন্তু আর কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে পরিবারের সহযোগিতায় স্বামীকে তালাক দিই।’তনু আরও বলেন, ‘স্বামী ঘরে ফেরার পর থেকে আতঙ্কে থাকতে হতো, কখন যে সে বিনা কারণে মারধর শুরু করে। সে বাইরে যাওয়ার সময় আমাকে একটি ঘরে আটকে রেখে যেত। বারান্দায় গেলে এমনকি আপন ভাই, যাকে কোলেপিঠে মানুষ করেছি, তার সঙ্গেও আমার অনৈতিক সম্পর্ক আছে বলে সন্দেহ করত। সে মাদকাসক্ত ছিল এবং অনেক মিথ্যা কথা বলত। ফলে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। শরীরের বিভিন্ন জায়গায় স্বামীর দেওয়া আঘাতের চিহ্ন বহন করে চলছি।’তনুর মতো এমন অনেক নারী এখন স্বামী কিংবা শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচার সইতে না পেরে সংসার ভেঙে দেওয়ার সর্বশেষ অস্ত্র হিসেবে তালাককেই বেছে নিচ্ছেন।ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আওতাভুক্ত এলাকায় কয়েক বছর ধরে তালাকের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। এর মধ্যে ৮০ শতাংশ নোটিশই দেওয়া হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে।ডিসিসির ১০টি অঞ্চলে সালিস পরিষদের মাধ্যমে তালাক কার্যকর করা হচ্ছে। অঞ্চলগুলোর বিভিন্ন সময়ের তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তালাক নোটিশে স্বামীর সন্দেহবাতিক মনোভাব, পরকীয়া, যৌতুক, দেশের বাইরে গিয়ে আর ফিরে না আসা, মাদকাসক্তিসহ বিভিন্ন কারণ উল্লেখ করছেন নারীরা।তবে পশ্চিমা বিশ্ব ও আকাশ সংস্কৃতির প্রভাব এবং ক্ষমতায়নের সঙ্গে সঙ্গে নারীদের স্বেচ্ছাচারিতাকেও স্ত্রীর দেওয়া তালাকের সংখ্যা বাড়ার জন্য দায়ী করছেন অনেকে। তালাক দিতে চাওয়া দরিদ্র নারীর সংখ্যা কম। তালাক বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিরা এই পরিস্থিতিকে অশনিসংকেত হিসেবেই দেখছেন।২০০৬ সালের জুলাই পর্যন্ত তালাক কার্যক্রম পরিচালিত হতো ডিসিসির নগর ভবনে। পরে তা ডিসিসির ১০টি অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। সালিস পরিষদের চেয়ারম্যান হিসেবে মেয়র এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নিয়ম অনুযায়ী, তালাক কার্যক্রম নিয়ে নগর ভবনে অঞ্চলগুলোর প্রতিবেদন পাঠানোর কথা। তবে সব অঞ্চল এই প্রতিবেদন পাঠায় না, যারা পাঠায় সে প্রতিবেদনও আর সমন্বয় করা হয় না।ডিসিসির সচিব শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ডিসিসিতে তালাক কার্যক্রমের পরিপূর্ণ কোনো তথ্য নেই। ২০০৮ সালে গুলশানে অঞ্চল-৯-এ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করা শামসুজ্জামান বলেন, স্বামীর পরকীয়া, সামাজিক বন্ধনমুক্ত থাকার প্রবণতাসহ বিভিন্ন কারণে নগরের গুলশান, বনানীতে অভিজাত পরিবারের শিক্ষিত ও বিত্তবান নারীরা বেশি আসেন তালাকের জন্য। কয়েক বছর ধরেই নারীদের মাধ্যমে তালাক দেওয়ার হার বেশি।ডিসিসির সাবেক আইন কর্মকর্তা এম এস করীম খান ২০০৬ সাল পর্যন্ত নগর ভবনে সালিস পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি বলেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সচেতনতা বেড়েছে। ফলে নির্যাতনের শিকার নারী আর মুখ বুজে অত্যাচার সহ্য করছেন না। প্রতিবাদের ভাষা হিসেবে তালাক দিচ্ছেন। তবে সংখ্যাটি যে হারে বাড়ছে, তা সমাজের জন্য খুবই উদ্বেগজনক।আন্তর্জাতিক মানবাধিকারকর্মী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান প্রথম আলোকে বলেন, বিয়ে দাসত্ব নয়। কোনো কারণে তালাক দিতে হলে অবশ্যই নারীরা তা করবেন। তবে এ সংখ্যা খুব বেশি মাত্রায় বেড়ে গেলে কারণ চিহ্নিত করে সমাধানের চেষ্টা করতে হবে।বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এলিনা খান বলেন, অনেকের ধারণা, স্বামী স্ত্রীকে তালাক দিলে মোহরানা দিতে হয়, স্ত্রী নিজে তালাক দিলে তা দিতে হয় না। কিন্তু যে পক্ষই তালাক দিক, স্বামীকে মোহরানা পরিশোধ করতেই হবে।সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নির্যাতন বাড়ার সঙ্গে নারীদের দিক থেকে তালাক দেওয়ার সংখ্যা বাড়ার সম্পর্ক আছে। আগে মেয়ে তালাকপ্রাপ্ত হলে পরিবারে আশ্রয় পেত না। বর্তমানে সচেতনতা বাড়ায় মেয়েকে নির্যাতনের হাত থেকে বাঁচানোর জন্য পরিবারগুলোই এগিয়ে আসছে।পরিসংখ্যান: ডিসিসির নগর ভবনে অবস্থিত অঞ্চল-২-এর দেওয়া তথ্যমতে, ২০০৯ সালের নভেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ১৯১টি নোটিশের মধ্যে স্বামী দিয়েছেন ৬০টি, আর স্ত্রী দিয়েছেন ১২৮টি।কারওয়ান বাজারে অঞ্চল-৬-এর দেওয়া তথ্যমতে, ২০০৯ সালের জানুয়ারি থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৯৮০টি নোটিশের মধ্যে স্ত্রী দিয়েছেন ৬৪৫টি এবং স্বামী দিয়েছেন ৩৩৫টি।মিরপুরে অঞ্চল-৭ ও ৮-এর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামও জানান, এলাকায় তালাকের সংখ্যা অনেক বেড়েছে এবং নারীরাই স্বামীকে তালাক দেওয়ার জন্য বেশি নোটিশ দিচ্ছেন।গুলশানে অঞ্চল-৯-এর দেওয়া তথ্যমতে, ২০০৯ সালের জুলাই থেকে ২০১০ সালের আগস্ট পর্যন্ত তালাক কার্যকর হয়েছে ৪০৪টি। এর মধ্যে নারী তালাক দিয়েছেন ২৭৭টি।কারওয়ান বাজারে অঞ্চল-৬-এর নির্বাহী কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম বলেন, উত্তরাঞ্চলের নারীরা কম তালাক দেন। বরিশাল বা দক্ষিণের জেলার নারীদের মধ্যে এই হার বেশি। এই কর্মকর্তার মতে, বছরে আপসে তালাক হচ্ছে ২৩টির মতো।অঞ্চল-২-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, পুরান ঢাকা এ অঞ্চলের আওতায় থাকায় তুলনামূলকভাবে এখানে তালাক দেওয়ার হার কম। কেননা, এলাকার বয়স্ক ব্যক্তি ও ওয়ার্ড কমিশনাররা উদ্যোগী হয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া-বিবাদ মেটানোর চেষ্টা চালান, যা অন্য এলাকায় খুব একটা দেখা যায় না।তালাক উচ্চারণ করলেই তা কার্যকর হয় না, তা একটি ইচ্ছার প্রকাশ মাত্র। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৭(১) ধারামতে, তালাকের নোটিশ প্রাপ্তিসাপেক্ষে সালিস পরিষদ গঠিত হয়। পরিষদের চেয়ারম্যান আপস-মীমাংসার জন্য দুই পক্ষকে নোটিশ দেন। চেয়ারম্যানের কাছে যদি কোনো পক্ষ উপস্থিত না হয়, তাহলে তাদের হাজির করার কোনো ক্ষমতা চেয়ারম্যানের নেই। ৯০ দিন পার হলে তালাক কার্যকর হবে।বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘আমাদের সময়ে নারীরা স্বামীকে তালাক দেওয়ার কথা কল্পনাও করতে পারত না। যারা এ কল্পনা করত, তারাও সংসার টিকিয়ে রাখতে বহুবার ভাবত। যুগের পরিবর্তন ঘটছে। তাই তালাকের অধিকারটি যখন নারীরা প্রয়োগ করছে, তখন সমাজ খানিকটা ধাক্কা খাচ্ছে।’