তালাকনামায় সই নিয়ে গৃহবধূকে গ্রামছাড়া করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামে সালিস বৈঠকে এক গৃহবধূকে শারীরিকভাবে লাঞ্ছিত করে প্রবাসী স্বামীকে তালাক দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর ওই নারীর ভাশুরেরা দুই সন্তানসহ তাঁকে গ্রামছাড়া করেন বলেও অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী গতকাল মঙ্গলবার গৌরনদী থানায় একটি মামলা করেছেন।এজাহার সূত্রে জানা যায়, গৌরনদীর ওই গৃহবধূ (২৬) গত রোববার রাতে দুই শিশুসন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন। রাত ১০টার দিকে পার্শ্ববর্তী নন্দনপট্টি গ্রামের সাইদুর রহমান ঘরে ঢুকে মুখে কাপড় বেঁধে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ধর্ষককে আটক করে মারধর করে। কিছুক্ষণের মধ্যে সাইদুরের নিকটাত্মীয় ও আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী এক নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিয়ে সাইদুরকে ছাড়িয়ে নেন। এ ঘটনায় সোমবার বিকেলে বেজগাতি গ্রামের সোমেদ সরদারের বাড়িতে সালিস বৈঠক ডাকা হয়। সালিসে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস সিকদার, বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহসম্পাদক নিতাই মণ্ডল ও স্থানীয় গণ্যমান্য কয়েকজন ব্যক্তি। সালিসে ঘোষণা করা হয়, ওই নারী স্বামীর ঘরে থাকার অধিকার হারিয়েছেন। তাই প্রবাসী স্বামীকে তালাক দিতে হবে তাঁকে। সিদ্ধান্ত অনুযায়ী, গৌরনদী উপজেলা সদর থেকে বিবাহ রেজিস্ট্রার কাজী মাহফুজুর রহমানকে সালিসে হাজির করে তালাকনামা লেখানো হয়। গৃহবধূ তাঁর স্বামীকে তালাক দিতে না চাইলে তাঁকে ভয় দেখিয়ে ও চর-থাপড় মেরে সই নেওয়া হয়।গৃহবধূ অভিযোগ করেন, তাঁর ভাশুর আবদুল হাই সরদার ও হাকিম সরদার সোমবার রাতেই মালামাল বাইরে বের করে তাঁর (গৃহবধূ) বসতঘরে তালা লাগিয়ে দেন। এরপর দুই শিশুসহ তাঁকে ওই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। কোনো উপায় না পেয়ে তিনি দুই শিশুসন্তানকে নিয়ে ওই রাতেই উপজেলার কটকস্থল গ্রামে পৈত্রিক বাড়িতে চলে যান। আবদুল হাই সরদার তাড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, গৃহবধূ নিজেই বাড়ি ছেড়ে চলে গেছেন।সালিস বৈঠকে উপস্থিত গ্রামপুলিশ জামাল ঘরামী, ইস্রাফিল হাওলাদারসহ কয়েকজন জানান, সালিসে গণ্যমান্য ব্যক্তিরা গৃহবধূকে তালাকনামায় স্বাক্ষর করতে বললে তিনি কাকুতি-মিনতি করে প্রবাসী স্বামীকে বিষয়টি জানানোর সুযোগ চান। তাঁকে কোনো সুযোগ না দিয়ে জোর করে তালাকনামায় তাঁর সই নেওয়া হয়।বিবাহ রেজিস্ট্রার কাজী মাহফুজুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের নেতা ইউনুস সিকদার মুঠোফোনে আমাকে ডেকেছেন। আমি সালিসে উপস্থিত হয়ে তাঁদের সিদ্ধান্ত পালন করেছি।’আওয়ামী লীগের নেতা নিতাই মণ্ডল জোর করে তালাকনামায় সই নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই নারী স্বেচ্ছায় স্বাক্ষর দিয়েছেন। অভিযুক্ত ধর্ষণকারী সাইদুর রহমানের কোনো বিচার না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সালিসে সাইদুরের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।আওয়ামী লীগের নেতা ইউনুস সিকদার বলেন, সালিসের সিদ্ধান্ত অনুযায়ী তালাকনামায় স্বাক্ষর নেওয়া হয়েছে। সাইদুরের বিচার পরে করা হবে।ভুক্তভোগী গৃহবধূ গতকাল বিকেলে জোর করে স্বাক্ষর আদায়কারী চারজন, সাইদুর ও ভাশুর আবদুল হাই সরদারকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল জানান, সাইদুর আত্মগোপন করেছেন। তাঁকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে অপর আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষকের বিচার না করে ধর্ষিতার কাছ থেকে জোর করে তালাকনামায় সই নেওয়ার ঘটনা অমানবিক।