তালাকের আগেই সালিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা শামীম আহমেদ (ছদ্মনাম)। চাকরির পাশাপাশি তিনি ব্যবসাও শুরু করেন। শুরু থেকেই তিনি স্ত্রী-সন্তানদের প্রতি ছিলেন উদাসীন। স্ত্রী ও দুই ছেলেমেয়ের দিকে নজর না দেওয়ার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় কথা-কাটাকাটি হতো। একপর্যায়ে দুজনই তালাকের সিদ্ধান্ত নেন। পরে নিজেদের ভুল বুঝতে পেরে তালাক ঘোষণার দেড় মাসের মাথায় তাঁরা আবার ঢাকা সিটি করপোরেশনের সালিসি পরিষদের কাছে আপস করতে আসেন। তাঁদের ভুল বোঝাবুঝির অবসান হয় এবং তাঁদের স্কুলপড়ুয়া ছেলেমেয়ে দুটির ভবিষ্যতের কথা চিন্তা করে তাঁরা আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।রাইমা ও রিয়াদ (ছদ্মনাম) দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করেন। কিন্তু সংসার শুরুর পর বিপত্তি ঘটে। প্রতিদিনই দুজনের মধ্যে দাম্পত্য কলহ হতে লাগল। রাইমা সন্দেহ করতেন রিয়াদের সঙ্গে তাঁর বন্ধুর বউয়ের পরকীয়া আছে। এসব ছাড়া আরও নানা কারণে দ্বন্দ্ব লেগেই থাকত। ফলে একসময় রাইমা তালাকের সিদ্ধান্ত নেন। নোটিশ পাওয়ার পর রিয়াদ প্রতি কার্যদিবসেই সালিসি পরিষদে এসে বসে থাকতেন, যেন রাইমা তাঁকে ছেড়ে না যান। কিন্তু শত চেষ্টাতেও তাঁদের সম্পর্ক টিকিয়ে রাখতে পারেননি। ১৯৬১ সালের পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী ৭(১) ধারায় বলা হয়েছে, যখনই কোনো ব্যক্তি তাঁর স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন, তালাকের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান বা মেয়রের কাছে নোটিশ পাঠাতে হবে এবং এর একটা কপি স্ত্রীর কাছে পৌঁছাতে হবে। চেয়ারম্যানকে পাঠানো নোটিশ ৯০ কার্যদিবসের পরে তালাক কার্যকর হয়ে যায়। নোটিশ পাওয়ার পর চেয়ারম্যান দুই পক্ষের মধ্যে পুনর্মিলনের বা আপসের জন্য সালিসি পরিষদ গঠন করবেন। সালিসি পরিষদ এই পুনর্মিলনের জন্য দুই পক্ষের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন উদ্যোগ নিতে পারে। তালাক দেওয়ার সময় নারী যদি গর্ভবতী থাকেন, তবে তালাক কার্যকর হবে না। স্বামী তালাক দিতে চাইলে বা স্ত্রী কাবিননামার ১৮ নম্বর ধারা অনুযায়ী তালাক দিতে চাইলে, স্বামী বা স্ত্রী যে এলাকায় বসবাস করেন, তালাক প্রদানকালে সে এলাকার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা অথবা সিটি করপোরেশনের চেয়ারম্যান বা মেয়রের কাছে লিখিত নোটিশ পাঠাতে হবে। ওই নোটিশের অনুলিপি স্ত্রী বা স্বামীকে দিতে হবে। নোটিশ পাওয়ার তারিখ থেকে সাত দিনের মধ্যে চেয়ারম্যান বা মেয়র উভয় পক্ষকে নোটিশ করবেন উভয়ের প্রতিনিধি মনোনয়নের জন্য। ৩০ দিনের মধ্যে উভয়ের প্রতিনিধির সমন্বয়ে (যদি উপস্থিত থাকেন) সালিসি পরিষদ গঠন করা হবে। নোটিশ পাওয়ার ৯০ দিনের মধ্যে আপস করা না গেলে তালাক কার্যকর হয়। তবে যিনি তালাকের নোটিশ দেন, তিনি ৯০ দিনের মধ্যে যেকোনো দিন নোটিশ প্রত্যাহার করলে তালাকের নোটিশের কার্যকারিতা থাকে না। তালাক যদি কার্যকর হয়, তবে সংশ্লিষ্ট এলাকার নিকাহ নিবন্ধনকারীর মাধ্যমে যথাযথভাবে তালাক নিবন্ধন করতে হবে।সালিসি পরিষদের কার্যক্রমদুই পক্ষের মধ্যে আপস করে দেওয়ার দায়িত্ব থাকে সালিসি পরিষদের চেয়ারম্যানের। আপস মীমাংসায় তালাক প্রত্যাহার করে সংসার করতে চাইলে তাঁরা পুনরায় সংসার করতে পারেন। কিন্তু আপস মীমাংসা হওয়ার কথা অনেকে জানেন না। জানলেও সালিসি পরিষদে আসার বাধ্যবাধকতা না থাকায় আপস মীমাংসার জন্য আসেন না।জানা যায়, সালিসি পরিষদ সামাজিক দাম্পত্য বন্ধন পুনঃস্থাপন করার জন্য পরামর্শক হিসেবে কাজ করে। যিনি তালাক দেন, বেশির ভাগ ক্ষেত্রে তিনি নিজ সিদ্ধান্তে অটল থাকেন। সালিসি পরিষদের চেয়ারম্যান হিসেবে আপসের প্রস্তাব দেওয়া ছাড়া তাঁর আর কিছু করণীয় থাকে না। সালিসি পরিষদের মাধ্যমে তালাকের বিষয়টি কমবেশি মানুষের কাছে প্রচারিত হলে আপস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তালাকের সংখ্যা আগের তুলনায় বেড়েছে বলে ডিসিসি সূত্রে জানা যায়।তালাকের নোটিশ মেয়র বরাবর পাঠানো হলে মেয়র স্বাক্ষর করে সালিসি পরিষদের চেয়ারম্যান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়ে দেন। ডিসিসির আঞ্চলিক অফিস তখন ৯০ কার্যদিবসে তিনবার নোটিশ পাঠায় দুই পক্ষের কাছে। দুই পক্ষের উপস্থিতি না থাকলেও ৯০ কার্যদিবস পর এমনি এমনিই তালাক কার্যকর হয়ে যায়। ২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের একটি অঞ্চলের সালিসি পরিষদে তালাকের নোটিশ পাঠানো হয়েছে ৫৭৭টি। এর মধ্যে আপস হয়েছে ২৭টি, তালাক কার্যকর হয়েছে ৫৪০টি। বর্তমানে তালাকের সংখ্যা বেড়েছে। সালিসি পরিষদের শত চেষ্টা থাকলেও স্বামী-স্ত্রী দুজনের মধ্যে আপসের মনমানসিকতা না থাকলে তাঁদের দাম্পত্য বিচ্ছেদ ঠেকানো কঠিন।