তালাকের নোটিশ নিয়ে যত বিভ্রান্তি
অল্প বয়সেই নামমাত্র দেনমোহরে গরিব কৃষককন্যা আম্বিয়া খাতুনের (ছদ্ম নাম) বিয়ে হয় ফুল মিয়ার সঙ্গে। শুরুতে স্বামী তাঁকে মোটামুটি মর্যাদা দিলেও চাহিদামতো যৌতুকের আবদার মেটাতে না পারায় ক্রমান্বয়ে তা কমতে থাকে এবং সন্তান জন্মলাভের পর অবহেলা ও তাচ্ছিল্যের মাত্রা প্রকট আকার ধারণ করে। সংগত কারণেই স্বামীর আবদার মেটানো আম্বিয়ার পক্ষে সম্ভব হয়নি। ফলে শারীরিক-মানসিক নির্যাতনের ধারাবাহিকতায় সন্তানসহ স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে পিত্রালয়ে আশ্রয় গ্রহণ করতে হয়। পিত্রালয়ে বছর দুই পার হয়ে গেলেও স্বামীর পক্ষ থেকে কোনো সাড়া বা খরচাপাতি আম্বিয়া খাতুনের ভাগ্যে জোটেনি। একপর্যায়ে তিনি জানতে পারেন, তাঁর স্বামী সংসারে দ্বিতীয় স্ত্রী নিয়ে এসেছেন। অসহায় ও নিরুপায় আম্বিয়া খাতুন নিজের দেনমোহর ও দুজনের ভরণপোষণের দাবিতে স্বামী ফুল মিয়ার বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করেন। তবে স্বামী-সংসারে সতিনের উপস্থিতি নিশ্চিত হওয়া সত্ত্বেও বিবাহবিচ্ছেদের প্রার্থনা করেননি। বিতাড়িত স্ত্রীর গতিবিধি বরাবর লক্ষ রাখা কৌশলী ফুল মিয়া মামলার পর আদালতে হাজির হয়ে সময় নেন এবং গোপনে অন্য এলাকার একজন কাজির শরণাপন্ন হন। একাধিকবার সময় নেওয়ার পর বিবাদী ফুল মিয়া আদালতে লিখিতভাবে দাখিলপূর্বক আম্বিয়ার ওপর কতিপয় অপবাদসহ দাম্পত্য-বিরোধের জন্য তাঁকেই দায়ী করে দাবি করেন, তিনি তাঁর স্ত্রী আম্বিয়াকে অনেক আগেই তালাক দিয়ে দিয়েছেন। লিখিত জবাবের সঙ্গে যে তালাকনামা দাখিল করা হয়, তা ধরে নিতে হয় যে আম্বিয়া খাতুন ফুল মিয়ার বাড়ি থেকে চলে আসার অল্প কিছুদিন পরই তাঁকে তালাক দেওয়া হয়েছিল। ফলে স্বামীর কাছ থেকে আলাদা হওয়ার প্রায় তিন বছর পর মামলা দায়ের এবং এরও প্রায় তিন বছর পর রায় পেলেও স্বামীর কাছ থেকে আলাদা হওয়ার শুরুতেই তালাক হয়ে গেছে মর্মে সিদ্ধান্ত দিয়ে আদালত ইদ্দতকাল হিসাবে কয়েক মাসের খরচ ছাড়া বাদিনীকে অতিরিক্ত কোনো ভরণপোষণের ডিক্রি দেননি। যদিও নিজের দেনমোহর এবং সন্তানটির জন্য বকেয়া ও ভবিষ্যৎ ভরণপোষণের ডিক্রি বাদিনী প্রাপ্ত হন, যা বাস্তব চাহিদার তুলনায় নিতান্তই অপর্যাপ্ত।স্বামী ও স্বামীর পরিবারের লোকজনের দ্বারা নির্যাতিত ও অবহেলিত এমন অগণিত আম্বিয়ার অসহায় পদচারণা আদালত অঙ্গনে বিরাজমান। ওই তালাকের ঘটনাটি ছিল সাজানো বা অকার্যকর। ফুল মিয়ার মতো লোকেরা সাজানো বা অকার্যকর তালাকের কথা বলে আদালতকেও বোকা বানাচ্ছেন। তালাক ‘প্রদান ও কার্যকর’ করতে গেলে আইন-নির্দিষ্ট কিছু নিয়মকানুন অবশ্যই প্রতিপালন করতে হয়, অন্যথায় কোনো তালাক প্রদত্ত হলেও তা পরে আর কার্যকর না-ও হতে পারে। দীর্ঘকাল স্বামীর ভরণপোষণ থেকে বঞ্চিত থাকা অবহেলিত ও পরাশ্রিত একজন স্ত্রী কর্তৃক বকেয়া ভরণপোষণের দাবিতে স্বামীর বিরুদ্ধে আনা পারিবারিক মামলায় (কিংবা ফৌজদারি কোনো মামলায়) স্বামী-বিবাদী এসে যখন অনেক আগেই তালাক দিয়ে দিয়েছেন বলে দাবি করে বসেন, তখন দাবি করা তালাকটি সঠিক উপায়ে কার্যকর হয়েছিল কি না, তা আদালতের কষ্টিপাথরে যাচাই করা উচিত।বিধান অনুযায়ী তালাক প্রদানে ইচ্ছুক পক্ষ অপর পক্ষকে উদ্দেশ করে তালাক প্রদান বা ঘোষণা করবেন এবং কবে ও কোন প্রক্রিয়ায় তা দিলেন, তা তখনই বা পরবর্তী সময়ে নিজের ভাষায় লিখিতভাবে সংশ্লিষ্ট এলাকার (স্ত্রী সে সময় যে এলাকায় বসবাস করছেন) চেয়ারম্যান বা মেয়রকে জানাবেন এবং অপর পক্ষ অর্থাৎ তালাক-গ্রহীতাকেও এর একটি কপি দেবেন। এটিই তালাকের নোটিশ, এর জন্য আইন নির্দিষ্ট কোনো ফরম বা বক্তব্য নির্ধারণ করেনি। নোটিশ লেখা বা পাঠানোর কাজটি তালাকদাতা নিজেও করতে পারেন, আবার অন্য কাউকে দিয়েও করাতে পারেন। পাঠানোর কাজটি ডাকযোগেও হতে পারে, আবার সরাসরিও হতে পারে। তবে নোটিশ না পাঠানো শাস্তিযোগ্য অপরাধ। চেয়ারম্যান বা মেয়র নোটিশপ্রাপ্ত হওয়ার পর সালিসি পরিষদ গঠনক্রমে উভয় পক্ষের মধ্যে আপসের একটি জোরালো প্রচেষ্টা চালাবেন। সালিসি পরিষদের সফল প্রচেষ্টার জন্য হোক কিংবা তালাকদাতা কর্তৃক তাঁর ধর্মীয় সুযোগের (তালাক প্রদানের পরও কার্যকর হওয়ার আগে তা ফিরিয়ে নেওয়া যায়) বলে নিজের ইচ্ছাই হোক, ৯০ দিন অতিবাহিত হওয়ার আগেই যদি আগে দেওয়া তালাকটি প্রত্যাহার করে নেন, তাহলে সেটি আর কার্যকর হবে না অর্থাৎ তাঁদের মধ্যকার স্বামী-স্ত্রী সম্পর্ক অটুট থাকবে)। কিন্তু তালাকদাতা তা প্রত্যাহার না করলে চেয়ারম্যান কর্তৃক নোটিশ পাওয়ার পরের ৯০ দিন অতিবাহিত হওয়ামাত্রই (স্ত্রী সেদিন গর্ভবতী থাকলে, যেদিন গর্ভাবস্থার অবসান হবে) আগে দেওয়া তালাকটি কার্যকর হয়ে যাবে (অর্থাৎ স্বামী-স্ত্রী সম্পর্ক আর থাকল না)।সাধারণ মানুষের মধ্যে তো বটেই, আইন পেশায় জড়িত অনেকেরই ধারণা, তালাকের নোটিশ অবশ্যই কাজির মাধ্যমে পাঠাতে হবে। কিন্তু তা মোটেও ঠিক নয়। তালাক পরিচালনা বা নোটিশ পাঠানোর কোনো দায়িত্ব বিধিবদ্ধভাবে কাজির নেই। যিনি তালাক দিলেন, তিনিই কাজটি করবেন। তবে কোনো তালাকদাতা যদি নিজের অসামর্থ্য বা অজ্ঞতার দরুন কোনো কাজিকে ওই কাজের উপযুক্ত ব্যক্তি বলে মনে করে তাঁকে দিয়ে নোটিশ পাঠানোর কাজটি করাতে চান, তখন ওই কাজি তালাকদাতার হয়ে নোটিশ পাঠানোর কাজটি করে দিতে পারেন মাত্র, যা তালাকদাতা অন্য কোনো ব্যক্তিকে দিয়েও করাতে পারতেন। এ জন্য কাজিদের এটা ধরে নেওয়ার সুযোগ নেই যে আইন তাঁদেরই সে কাজের দায়িত্ব বা ক্ষমতা দিয়েছে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, লাইসেন্সপ্রাপ্ত দেশের বেশির ভাগ কাজিই ‘মুসলিম পারিবারিক অধ্যাদেশের ৭(১) ধারায় তালাকের নোটিশ’ ধরনের শিরোনামযুক্ত নোটিশ নিজেরাই ছাপিয়ে রেখেছেন এবং সেগুলো দিয়ে যার যার চাহিদামতো তালাকের নোটিশ পাঠাচ্ছেন। তালাক রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কোনো কোনো কাজি যেসব মারাত্মক ভুল ও অনিয়ম করেন, এর মধ্যে অন্যতম হচ্ছে, তালাক কার্যকর হওয়ার আগেই তা রেজিস্ট্রি করে ফেলা এবং নিজের অধিক্ষেত্রভুক্ত না হওয়া সত্ত্বেও কোনো কোনো তালাক রেজিস্ট্রি করা। এমনকি দীর্ঘদিন ধরে বিনা ভরণপোষণে ফেলে রাখা স্ত্রী-সন্তানকে বকেয়া ভরণপোষণ দেওয়ার দায় থেকে বাঁচার কূটকৌশলে ব্যস্ত স্বামীদের কাছ থেকে আর্থিক বা অন্যবিধ সুবিধা নিয়ে যোগসাজশে বালামের (তালাক-রেজিস্ট্রার) অব্যবহূত পৃষ্ঠা ব্যবহার করে পেছন-তারিখ দিয়েও অকার্যকর তালাক রেজিস্ট্রি করে রাখছেন। যেমন: তালাক প্রদানে ইচ্ছুক বা তালাকনামা (তালাক-রেজিস্ট্রারের সত্যায়িত কপি) পেতে আগ্রহী কোনো ব্যক্তি (সাধারণত একজন স্বামী, যিনি স্ত্রীর দায়ের করা কোনো না-কোনো মামলার বিবাদী আছেন) তাঁর কাছে গেলে তিনি তাঁর ছাপিয়ে রাখা ফরমের ফাঁকা স্থানে প্রযোজ্যমতো তথ্যাদি বসিয়ে তালাকের নোটিশ তৈরি করে ওই ব্যক্তির হাতে দিয়ে দেন বা নিজেই ডাকযোগে পাঠান এবং একই সময়ে তা নির্ধারিত ফরমযুক্ত রেজিস্টারে রেজিস্ট্রিও করে ফেলেন। নোটিশ পাঠানোর সঙ্গে সঙ্গে একই দিনে কাজিরা এভাবে তালাকের যে রেজিস্ট্রি করেন, তা কোর্ট-কাচারিতে ‘রেজিস্ট্রিকৃত তালাক প্রদান’ নামে পরিচিত ও ব্যবহূত। কিন্তু পরে ওই নোটিশ সংশ্লিষ্ট চেয়ারম্যান ও তালাক-গ্রহীতা পেলেন কি না, তার আর কোনো খোঁজ রাখা হয় না। তালাক দেওয়ার সঙ্গে সঙ্গে কিংবা সংশ্লিষ্ট চেয়ারম্যান বা মেয়রের অগোচরে একতরফাভাবে এখন আর কোনো তালাক কার্যকর হতে পারে না। কমপক্ষে ৯০ দিন বলার কারণ হচ্ছে, যেদিন তালাক দেওয়া হলো, সেদিনই যদি নোটিশটি পৌঁছে যায়, তাহলেও এর পরবর্তী ৯০ দিন পর তালাকটি কার্যকর হবে। নোটিশ পৌঁছাতে দেরি হলে কার্যকর হওয়ার সময়ও সেভাবেই পেছাবে। নির্ধারিত নিয়ম ও সময়ান্তে প্রদত্ত একটি তালাক যদি কার্যকর হয়, তখনই কেবল তা রেজিস্ট্রি করার সুযোগ আসবে। বিদ্যমান আইনের বিধানমতে, মুসলিম বিবাহ রেজিস্ট্রি করানো বরের জন্য বাধ্যতামূলক হলেও তালাকের ক্ষেত্রে তা তালাকদাতার ইচ্ছাধীন। আইনে তালাকগুলো রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফরমযুক্ত যে তিন ধরনের পৃথক রেজিস্টার (পুরুষপ্রদত্ত, স্ত্রীপ্রদত্ত, খোলা-মুবারাত) বিদ্যমান আছে, এর প্রতিটিতেই তালাক প্রদান ও রেজিস্ট্রির তারিখের বিষয়ে আলাদা কলাম রয়েছে। কোনো তালাক রেজিস্ট্রি করার আগে ওই তালাকটি বিধি অনুযায়ী কার্যকর হয়েছে কি না, সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হয়ে (মৌখিক জিজ্ঞাসাবাদ বা ক্ষেত্রমতে দলিল-দৃষ্টে) নেওয়ার বাধ্যবাধকতা কাজির রয়েছে। অভিযুক্ত ক্ষেত্রগুলোতে কাজিরা তালাকদাতার হয়ে নোটিশ তৈরি ও পাঠানোর যে কাজটি করে থাকেন, তা শুধু তালাকের ঘোষণা হিসেবে কাজ করবে। ওই ঘোষণা শেষ পর্যন্ত কার্যকর না-ও হতে পারে। তাই ঘোষণার সঙ্গে সঙ্গেই (অর্থাৎ কার্যকর হওয়ার আগেই) তালাক রেজিস্ট্রি করে ফেলার সুযোগ কাজির নেই, সেটি যদি তিনি করেনও, তাহলে ওই রেজিস্ট্রেশন কার্যকর হওয়া কোনো তালাকের প্রমাণ হিসেবে গণ্য হবে না। আবার বিদ্যমান বিধি অনুযায়ী যেহেতু তালাক প্রদানের সময় স্ত্রী যে এলাকায় বসবাস করেন, সেই এলাকায় তা কার্যকর হয় এবং সেই এলাকার কাজির কাছেই তা রেজিস্ট্রিও করতে হয়; সেহেতু তালাক কার্যকরকারী পক্ষদ্বয়ের মধ্যে স্ত্রীর বসবাস যে এলাকায়, সেই এলাকার বাইরের কোনো কাজির সুযোগ নেই তাঁদের মধ্যকার তালাকটি রেজিস্ট্রি করার। আর পেছনের তারিখ ব্যবহার করে কোনো তালাক রেজিস্ট্রি করা অসদাচরণ তো বটেই, রীতিমতো অপরাধও।লেখক: জ্যেষ্ঠ সহকারী জজ, গাইবান্ধা।