তালায় জবাই ও গণপিটুনিতে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরডাঙ্গা বাজারে আজ সোমবার এক পান ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়। পরে ওই ব্যবসায়ীকে হত্যার অভিযোগে স্থানীয় লোকজন পিটুনি দিলে আরেক ব্যক্তির মৃত্যু হয়।নিহত পান ব্যাবসায়ী হলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য অজিত মণ্ডল (৫৫)। তিনি তালা উপজেলার মাগুরা গ্রামের বাসিন্দা। ওই ব্যবসায়ীকে হত্যার অভিযোগে গ্রামবাসীর পিটুনিতে নিহত হন তবিবুর রহমান (২৭)। তিনি খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী গ্রামের ফজর শেখের ছেলে। তালার মাগুরডাঙ্গা গ্রামে মামা তাজউদ্দিন শেখের বাড়িতে থাকতেন তিনি।অজিত মণ্ডলের ছেলে তপন কুমারের ভাষ্যমতে, তবিবুর তাঁর বাবার কাছে কিছুদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। আজ সকাল সাতটার দিকে অজিত মণ্ডল তালাবাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মাগুরা বাজারে অজিতের গতিরোধ করে তাঁকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন তবিবুর। পরে ওই ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়। এরপর স্থানীয় গ্রামবাসী তবিবুরকে ধরে গণপিটুনি দেয়। একপর্যায়ে তাঁরও মৃত্যু হয়।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।