আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১২টি ইউনিয়নে প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। গত আট বছর নির্বাচন না হওয়ায় নির্বাচন ও প্রার্থী নিয়ে ভোটারদের আগ্রহের কমতি নেই। বিভিন্ন ইউনিয়নের সম্ভব্য প্রার্থীরা মহল্লায় মহল্লায় গিয়ে নানা অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি কুশল বিনিময় করছেন। খোঁজখবর নিচ্ছেন এলাকার মানুষের। নিজেকে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে শরিক করার চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য তালা উপজেলার ১২টি ইউনিয়নে ৪৪ জন সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে নেমে পড়েছেন।সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর মাসে সম্ভাব্য ধরে নিয়েই প্রার্থীরা জোরেশোরে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ২০০৩ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ছয়টি বিএনপি, তিনটি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, একটি আওয়ামী লীগ, একটি জামায়াত ও একটিতে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করেন। এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে শোনা যাচ্ছে, ১ নম্বর ধানদিয়ার ইউনিয়নে বিএনপি সমর্থিত জাহানারা বেগম ও আওয়ামী লীগ সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান সন্তোষ ঘোষ, ২ নম্বর নগরঘাটা ইউনিয়নের বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান মহব্বত আলী ও আওয়ামী লীগ সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন, ৩ নম্বর সরুলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত মতিয়ার রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক ওবায়েদুস সুলতান, আওয়ামী লীগ নেতা মাস্টার আবদুল হাই ও বিএনপি সমর্থিত হাসান হোসেন, ৪ নম্বর কুমিরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত গোলাম মোস্তফা, আওয়ামী লীগ সমর্থিত আজিজুর রহমান, কাজী হিলোল, মো. শহিদুল ইসলাম, আবু হেনা আলম ও জামায়াত সমর্থিত ইদ্রিস আলী, ৫ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাতীয় পার্টির মকবুল হোসেন, জামায়াত সমর্থিত আফতাব উদ্দীন, মো. কামরুজ্জামান ও বিএনপি সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান মিয়াজান আলী মোড়ল, ৬ নম্বর তালা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত শেখ নজরুল ইসলাম, মহাজোটের দুই প্রার্থী আওয়ামী লীগ নেতা আবদুর রহমান গাজী ও জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৭ নম্বর ইসলামী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত শেখ লোকমান আলী ও আওয়ামী লীগ সমর্থিত আবদুল আজিজ, ৮ নম্বর মাগুরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামায়াত সমর্থিত আয়ুব আলী, আওয়ামী লীগ সমর্থিত গণেশ কুমার, সোনালী দাশ ও মাসুদ বিশ্বাস, ৯ নম্বর খলিশখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ওয়ার্কার্স পার্টির সাবির হোসেন, আওয়ামী লীগ সমর্থিত মো. নাসির উদ্দীন এবং জামায়াত সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান আহম্মেদ, ১০ নম্বর খেশরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত গাজী মহব্বত আলী, এস এম লিয়াকত আলী, আওয়ামী লীগ সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান এম এম ফজলুল হক, যুবলীগের সম্পাদক খোরশেদ আলম, রাজীব হোসেন ও হাফিজুর রহমান, ১১ নম্বর জালালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ওয়ার্কার্স পার্টির সরদার রফিকুল ইসলাম, একই দলের মহিবুলাহ মোড়ল, বিএনপি সমর্থিত মফিদুল হক, আবদুল গফফার ও আওয়ামী লীগ সমর্থিত রবিউল ইসলাম, ১২ নম্বর খলিলনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ওয়ার্কার্স পার্টির প্রণব ঘোষ, বিএনপি সমর্থিত মোস্তাফিজুর রহমান ও আওয়ামী লীগ সমর্থিত সরদার ইমান আলী। সম্ভাব্য এসব প্রার্থী ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন। তাঁরা এলাকার উন্নয়নমূলক কাজে নিজেদের শরিক করছেন। জনগণের বিপদে ছুটে গিয়ে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চেয়ারম্যান প্রার্থী জানান, ঈদ উপলক্ষে তাঁরা সহজে মানুষের কাছে যেতে পেরেছেন। অল্প পরিশ্রমে ও স্বল্প খরচে সহজে মানুষের মন জয় করার সুযোগ তাঁরা হাত ছাড়া না করে রোজার আগ থেকে আসন্ন ইউপি নির্বাচনে প্রচারে নেমে পড়েছেন। আবার কয়েক দিন পরে দুর্গাপূজা। গরিব ভোটারদের জামা-কাপড় ও অন্যান্য সহযোগিতা দিয়ে সহজে মন জয় করা যায়। বয়স্কদের কাছ থেকে দোয়া কিংবা আশীর্বাদ পাওয়া যায়।