গাড়ি পোড়ানোর অভিযোগে ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে করা মামলায় বিচারিক আদালতের কার্যক্রম স্থগিতের আদেশ প্রত্যাহারের আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানালে আজ বেলা সোয়া দুইটার দিকে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। পরে মাহবুবে আলম প্রথম আলো ডটকমকে বলেন, আদালত বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। এর আগে দেওয়া স্থগিতাদেশ অব্যাহত থাকবে।কার্যতালিকা থেকে বাদ দেওয়ার কেন আবেদন করা হয়েছে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘কিছু নোটিফিকেশন হাতে পেয়েছি। পরবর্তী সময়ে আরও কোনো নোটিফিকেশন হয়েছে কি না, তা দেখার জন্য বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আরজি জানানো হয়।’হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর অভিযোগে বিরোধী ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ওই বেঞ্চ ৬ আগস্ট ওই মামলায় বিচারিক আদালতের কার্যক্রমে (দ্রুত বিচার আদালত-৫) আট সপ্তাহের স্থগিতাদেশ দেন। ওই আদেশ প্রত্যাহার চেয়ে গত রোববার রাষ্ট্রপক্ষ আবেদন করে।একই সঙ্গে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদালত গঠন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে ৬ আগস্ট রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।গত ২৯ জুলাই ওই মামলার আসামি ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন রিট আবেদনটি করেন।হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর অভিযোগ এনে গত ২৯ এপ্রিল তেজগাঁও থানায় মামলা করে পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৫ নেতার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় গত ১০ মে।পরে ২৭ মে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল জব্বারকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার ৪৬ আসামির মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৯ জন জামিনে, চারজন পলাতক ও তিনজন কারাগারে আটক আছেন।গত ৩১ জুলাই এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।