তালিকা ধরে বই কিনছেন গ্রন্থানুরাগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে পেরিয়ে গেছে, গ্রন্থমেলার পরিবেশ এখন বেশ আলাদা। জনসমাগম আছে বটে, তবে বেড়াতে আসা মানুষের চেয়ে এখন ক্রেতার সংখ্যাই বেশি। আগের তিন দিনের টানা সকাল থেকে রাত নয়টা-দশটা অবধি চলার পর গতকাল সোমবার মেলা ছিল আধা বেলার। লোকসমাগমও কম। নতুন বই অধিকাংশই চলে এসেছে। তাই অনেক গ্রন্থানুরাগীকে এদিন পছন্দের তালিকা নিয়ে এসে বিভিন্ন স্টলে ঘুরে সেসব বই সংগ্রহ করতে দেখা গেছে। প্রকাশকেরাও বলেছেন, বিক্রিবাট্টা চলছে ভালোই।একুশের গান: মেলার মূলমঞ্চে এদিন বিকেলে আলোচনা করা হয়েছে একুশের গান নিয়ে। প্রবন্ধ উপস্থাপন করেন বাবু রহমান। আলোচক ছিলেন মৃদুল কান্তি চক্রবর্তী ও মাহমুদ সেলিম। সভাপতিত্ব করেন আবদুশ শাকুর। প্রাবন্ধিক বাবু রহমান বলেন, ভাষার গান বা একুশের গান আভিধানিক অর্থে একমাত্র বাংলাদেশেই স্থান করে নিয়েছে। কারণ ভাষার জন্য আমাদের সংগ্রাম করতে হয়েছে। দেশের বহু কবি কবিতা লিখেছেন, যা পরে গান হয়েছে। এ ছাড়া অনেক গীতিকার গান লিখেছেন, গ্রামের নাম না জানা লোক-কবি, কবিয়াল ও বয়াতিরা জারি, সারি, কবিগান ও বাউলগান রচনা করেছেন। এসব গানের সংখ্যা কত, তা সঠিক জানা যায় না। এসব গান নিয়ে কোনো গবেষণা বা প্রকাশনা নেই।আলোচকেরা বলেন, ভাষার গানের মধ্যে আমাদের একুশের চেতনা শুধু নয়, এর মধ্যে দেশপ্রেমের বিষয়টিও জড়িয়ে আছে। মুক্তিযুদ্ধে এসব গান প্রেরণা জুগিয়েছিল। সভাপতি বলেন, ‘ভাষা তথা একুশের গান আমাদের গানের ভুবনের এক অতুলনীয় সম্পদ। এসব গান সংরক্ষণ এবং এ নিয়ে গবেষণা করা প্রয়োজন।’ তিনি আশা করেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তার কার্যক্রম শুরু করলে এ কাজটি গুরুত্বের সঙ্গেই করবে। সন্ধ্যায় ছিল আবৃত্তি ও নৃত্য পরিবেশনা।মোড়ক উন্মোচন: গতকালও ২০টির বেশি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে নজরুল মঞ্চে। মৃদুল প্রকাশনী থেকে প্রকাশিত রাশেদ খান মেননের চীন থেকে ফিরে বইটির মোড়ক উন্মোচন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। সঙ্গে ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। লেখক তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, চীনের রাজনীতি ও আর্থসামাজিক অবস্থা পর্যালোচনা করা হয়েছে এ বইয়ে।রিদম থেকে প্রকাশিত আবু সাঈদ খানের রাজনীতির তিন অধ্যায় এবং আকাশ প্রকাশনী থেকে এবং দিনবদলের রাজনীতি বই দুটির মোড়ক উন্মোচন করেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মাহমুদুর রহমান মান্না ও গোলাম সারওয়ার। সঙ্গে ছিলেন মামুনুর রশীদ ও নাসির আহমেদ। নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান অনন্যা থেকে প্রকাশিত নুরুননাহার খানের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা উপন্যাস যুদ্ধ ও ভালোবাসার মোড়ক উন্মোচন করেন। শিশু সাহিত্য ভবন থেকে প্রকাশিত খুদে লেখিকা সুষমা আরজুমন্দ প্রাপ্তির গল্প একটি লাল মুরগি ও অনন্যা গল্পর মোড়ক উন্মোচন করেন মোহাম্মদ হাননান, কাজী রোজী, লুত্ফর রহমান রিটন ও ওসমান গনি।নতুন বই: গতকাল তথ্যকেন্দ্রে নতুন বই জমা পড়েছে ৮৫টি। এর মধ্যে ছিল: অন্যপ্রকাশ থেকে হুমায়ূন আহমেদের নতুন উপন্যাস হিমুর নীল জোছনা। আগেই বিজ্ঞাপন ও প্রচারমাধ্যমে জানানো হয়েছিল, এদিন মেলায় হিমু আসবে। হিমুভক্ত পাঠকেরা ভিড় জমিয়েছিলেন স্টলে। বই আসতে না-আসতেই শেষ। সন্ধ্যায় অনেকেই হিমুকে পাননি। প্রকাশক মাজহারুল ইসলাম জানালেন, প্রথম দফায় এক হাজার বই আনা হয়েছিল, চল্লিশ মিনিটে শেষ হয়ে গেছে। কাল (মঙ্গলবার) থেকে পর্যাপ্ত বই পাওয়া যাবে। এ ছাড়া অন্যান্য বইয়ের মধ্যে ছিল: উত্স থেকে সুকুমার দাস সম্পাদিত বাউলসাধক দুর্বিন শাহ রচনাসমগ্র, মিজান পাবলিশার্স থেকে রবিউল হুসাইনের প্রবন্ধ অমনিবাস, আগামী থেকে নূরুদ্দিন জাহাঙ্গীরের প্রবন্ধ রবীন্দ্রনাথ উপমা এবং আমি, শ্রাবণ থেকে বদরুদ্দীন উমরের প্রবন্ধ পরিবেশ বিপর্যয়ের পথে বাংলাদেশ, মিজান পাবলিশার্স থেকে তাজুল ইসলামের প্রবন্ধ গোর্কি রবীন্দ্রনাথ ও অন্যান্য প্রবন্ধ, অন্যপ্রকাশ থেকে আবুল মাল আবদুল মুহিতের প্রবন্ধ তত্ত্বাবধায়ক সরকারের সাতাশ মাস, ফরিদুর রেজা সাগরের এক ডজন ছোট কাকু, গতিধারা থেকে মাহবুবুল হকের প্রবন্ধ বাংলার লোকসাহিত্য ও সংস্কৃতি, প্রথমা প্রকাশন থেকে মতিউর রহমান সম্পাদিত যে পরিবর্তন জরুরি: ১৭ জনের দেশভাবনা, অন্বেষা থেকে আহসান হাবীবের উপন্যাস কেওক্রাডং ইত্যাদি। এ ছাড়া পাঠসূত্র থেকে শান্তনু কায়সারের গল্প অর্ধশতাব্দী, রিদম থেকে নাসির আহমেদের কাব্য সংগ্রহ-২, অ্যাডর্ন থেকে এসেছে মারুফ রায়হানের কবিতা পিলখানা ও অন্যান্য দীর্ঘশ্বাস, বিভাস থেকে যতীন সরকারের বাংলাদেশের কবিগান, আবুল হাসানের অপ্রকাশিত কবিতা, শব্দ শিল্প থেকে মনিজা রহমানের গল্প আকাঙ্খার পলিমাটি, কাশবন থেকে এসেছে মামুন সিদ্দিকী সম্পাদিত রজননাথ নন্দী: জীবন ও সাংবাদিকতা। মেলার বাকি আছে আজসহ ছয় দিন। সময় যাবে তার নিয়মে, একইভাবে গ্রন্থানুরাগীরাও যাবেন মেলায়।