তালিকা হচ্ছে পুরোনো দালানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবাদার শেখ আলাউদ্দীন ইসলাম খান চিশতি ঢাকায় পদার্পণ করে একে মোগল সুবা বাংলার রাজধানী ঘোষণা করার পর জরুরি ভিত্তিতে কিছু কাজ সমাধা করার প্রয়োজন দেখা দিয়েছে। সুবাদারের সঙ্গে এসেছে বিরাট সৈন্যবাহিনী, হস্তীবাহিনী, অশ্বারোহী সেনা ও নৌবহর। আরও এসেছেন তাঁর আমির-ওমরাহ ও দেওয়ান-বকশি এবং তাঁদের জেনানা ও পরিবারের সদস্যরা। তাঁদের প্রত্যেকের পদমর্যাদা অনুযায়ী ইমারত ও মহল্লা গড়ে তোলার আশু প্রয়োজন দেখা দিয়েছে। একই সঙ্গে জরুরি হয়ে পড়েছে রাজধানীকে সুরক্ষা দেওয়া ও পরিকল্পিত উপায়ে গড়ে তোলার জন্য সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করাও। বস্তুত নতুন সুবাদার ও তাঁর পরিবারের বসবাসের জন্যও কোনো স্থান এখনো নির্ধারণ করা হয়নি। এসব বিষয়ে কয়েক দিন ধরে তিনি নগরবিশারদ ও ওস্তাদ রাজকারিগরদের সঙ্গে নিয়মিত পরামর্শ করছেন। উল্লেখ্য, এখানে পদার্পণ করার পর থেকে তিনি চাঁদনীঘাটের পাশে নদীতে ভাসমান তাঁর প্রিয় বজরা চাঁদনী ও ফতেহ্ দরিয়ায় দিন যাপন করছেন।দিল্লি থেকে সুবাদারের সঙ্গে আসা একজন নগরবিশারদের সূত্রে জানা গেছে, ইসলাম খান চিশতি ঢাকাকে একটি সৌন্দর্যমণ্ডিত মোগলনগরী হিসেবে গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন। বুড়িগঙ্গা ও এর সংলগ্ন দোলাই নদীর তীর ঘেঁষেই আমির-ওমরাহদের বসতি গড়ে তোলার চিন্তাভাবনা করা হচ্ছে। এতে রাজধানীর প্রবেশপথ সার্বক্ষণিক নজরদারির মধ্যে থাকবে, যোগাযোগের সুবিধা পাওয়া যাবে এবং পানির বন্দোবস্ত সহজ হবে।সুবাদার ইসলাম খান চিশতির পরিবার কোথায় থাকবেন, এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত সে প্রসঙ্গে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে একটি অসমর্থিত সূত্র বলেছে, নিরাপত্তার কারণে নদীর একেবারে তীর ঘেঁষে সুবাদারের থাকার বন্দোবস্ত না-ও করা হতে পারে। নগরীর মধ্যবর্তী স্থানে অবস্থিত ঢাকা দুর্গের ভেতরে সুবাদারের প্রাসাদ নির্মাণ করা যায় কি না, সে ব্যাপারে চিন্তা-ভাবনা চলছে।যুদ্ধে ব্যবহার্য হাতিগুলোর জন্য বুড়িগঙ্গা নদীর কাছাকাছি একটি পিলখানা ও মাহুতদের বসবাসের একটি টুলি বা মহল্লা গড়ে তোলার জন্য বিশেষ স্থান নির্বাচন করাও জরুরি হয়ে পড়েছে। নগরীর বিভিন্ন অংশে পদমর্যাদা অনুযায়ী মহল্লা তৈরি করা ছাড়াও ঢাকাকে একটি অনুপম রাজধানীর চেহারা দেওয়ার জন্য একটি শাহিবাগ বা রাজকীয় উদ্যান তৈরির পরিকল্পনা করতেও সুবাদার বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। তবে নতুন কোনো উদ্যোগ নেওয়ার আগে তিনি ঢাকার সব রকমের ইমারত ও পাকা দালানের তালিকা করার জন্য যে তাগিদ দিয়েছিলেন, নগরবিশারদেরা সে ব্যাপারে তাঁদের কাজ অনেকটাই গুছিয়ে এনেছেন। একটি প্রাথমিক তালিকা সুবাদারকে দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী কিছু প্রাথমিক সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে।ঢাকায় আসার পথে সুবাদার ইসলাম খান চিশতিকে শীতলক্ষ্যা নদীপথ পার হতে হয়েছে। শীতলক্ষ্যার তীরে কদমরসুল হয়ে ডেমরা নদীপথে তাঁর বজরা বুড়িগঙ্গায় প্রবেশ করে। ডেমরা নদীর মুখে অবস্থিত দুর্গটি কৌশলগত কারণে দখল করা তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। ঢাকায় প্রবেশের আগেই তাই তাঁর নৌবহর তীব্র লড়াই করে দুর্গটির দখল নিয়ে নেয়। আরও পরে দোলাই নদীর মুখে অবস্থিত বেগ মুরাদ খানের দুর্গটি তাঁরা হস্তগত করেন। বহিঃশত্রুর হাত থেকে রাজধানী ঢাকার প্রতিরক্ষার জন্য এই দুটি দুর্গকেই এখন সুবাদার সবচেয়ে বড় সহায় হিসেবে দেখছেন। তবে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ভবিষ্যতে রাজধানীর প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার জন্য সুবাদার মূলত নির্ভর করতে চান এ অঞ্চলের সবচেয়ে দুর্ভেদ্য ঢাকা কেল্লার ওপর। তাই তিনি জরুরি ভিত্তিতে ঢাকা কেল্লা সংস্কারের বন্দোবস্ত করার উদ্যোগ নিতে বলেছেন। এই কেল্লার দুই প্রধান প্রবেশদ্বার পূরব দরোয়াজা ও পচ্চিম দরোয়াজা আরও মজবুত করে তোলার জন্যও তিনি নির্দেশ দিয়েছেন।এ ছাড়া এখন পর্যন্ত ঢাকার যেসব পাকা দালান বা ইমারতের নাম তালিকাভুক্ত হয়েছে, তার প্রায় সবই ধর্মীয় স্থান, যার সিংহভাগ মূলত মুসলিম সাধক ও সুফিদের মাজার। সেগুলির মধ্যে আছে ঢাকার উত্তর-পূর্ব কোণে গৌড়ের শাসকের আদেশে ১৪৭৬ ঈসায়ী সনে পরলোকগত সাধক হজরত শাহজালাল দক্ষিণীর মাজার এবং প্রায় ১৫ মাইল উত্তরে ৪০ দিন চিল্লার পর ১৪৮০ ঈসায়ী সনে পরলোকগত হজরত শাহ আলী বোগদাদির মাজার। হজরত বোগদাদির এক গম্বুজবিশিষ্ট বর্গাকার বাহারি মাজারটি দিল্লির ওস্তাদ কারিগরদের নজর কেড়েছে। মাজারটির লাগোয়া সুলতানি মসজিদ আলাদা দালানের মর্যাদায় তালিকায় স্থান পেয়েছে।বস্তুত মসজিদগুলিরও প্রয়োজনীয় তথ্যসহ আলাদা একটি তালিকা তৈরির কাজ চলছে। তাতে স্থান পেয়েছে নারায়ণদিয়া বা যাকে লোকে আজকাল ভুলবশত নারিন্দা বলে অভিহিত করে, সেখানকার বিনাত বিবির মসজিদ। হিজরি ৮৬১ সনে বিনাত বিবি এই মসজিদটি স্থাপন করেন। তালিকায় উঠেছে ঢাকা দুর্গের পশ্চিমে নাসওয়ালা গলির তোরণঅলা মসজিদটিও। সুলতান নাসির উদ্দিন মাহমুদের পৃষ্ঠপোষকতায় ইকলিম মুবারকবাদের খাজা জাহানের তদারকিতে এই মসজিদটি নির্মিত হয় ১৪৫৯ ঈসায়ীতে। হিন্দু ধর্মাবলম্বীদের পূজার জন্য নির্মিত পাকা দালানের কিছু মন্দিরও তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বল্লাল সেনের স্থাপন করা ঢাকেশ্বরী মন্দির। প্রাচীন এই মন্দিরটি এর আগে ভগ্নদশায় পড়েছিল। বারো ভূঁইয়াদের, বিশেষ করে মসনাদ-ই-আলা ঈসা খানকে দমন করতে মোগল সেনাপতি মানসিংহ ঢাকায় এলে এই মন্দিরটি সংস্কার করেন।