তালিকার সঙ্গে বাস্তবতার ফারাক
পুরান ঢাকার ফুলবাড়িয়ায় যে ‘ফুলবাড়িয়া পার্ক’ নামের একটি পার্ক আছে, স্থানীয় বাসিন্দাদের তা জানা নেই। অথচ ডিসিসির পার্কের তালিকায় আছে সেই পার্কের নাম। ডিসিসির একাধিক কর্মকর্তাও ৭০ নম্বর ওয়ার্ডে ফুলবাড়িয়া পার্কের কোনো সন্ধান দিতে পারেননি। ডিসিসি থেকে পাওয়া পার্কের তালিকা ধরে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে পার্কের তালিকায় আরও অনেক অসংগতি চোখে পড়েছে।কোনো কোনো পার্কের কাগুজে নামের সঙ্গে এর সাইনবোর্ডের নামের ভিন্নতা খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে পার্কের তালিকায় ২ নম্বর ওয়ার্ডের ‘পল্লবী শিশু পার্ক’-এর নাম ভিত্তিপ্রস্তরে বলা হয়েছে ‘২ নম্বর ওয়ার্ড শিশুপার্ক’; ৬৯ নম্বর ওয়ার্ডের নাজিরাবাজার পার্কের সাইনবোর্ডে লেখা আছে ‘শহীদ খালেক সরদার পার্ক’। ডিসিসির ৭৫ নম্বর ওয়ার্ডের স্বামীবাগ পার্কের নামের পাশাপাশি মালিকানাও বদলে গেছে। ‘স্বামীবাগ ওয়ান্ডারল্যান্ড’ নামের পার্কটি পরিচালনা করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। একই ঘটনা ঘটেছে ১৯ নম্বর ওয়ার্ডের গুলশান সেন্ট্রাল পার্কের ক্ষেত্রে। এর একাংশে একটি বেসরকারি প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারল্যান্ড পার্ক’ নাম দিয়ে থিম পার্ক তৈরি করেছে। অন্য অংশের নাম গুলশান ইয়ুথ ক্লাব মাঠ।ডিসিসির তালিকায় ৩২ নম্বর ওয়ার্ডের একটি পার্কের নাম ‘গুলিস্তান পার্ক’। তার পাশেই প্রথম বন্ধনী দিয়ে পার্কটিকে ‘শহীদ মতিউর পার্ক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ডিসিসি কয়েক বছর আগেই পার্কটিকে শহীদ মতিউর পার্ক নামকরণ করেছে বলে জানা যায়।ডিসিসির তালিকা ধরে ৭৭ নম্বর ওয়ার্ডে ‘নারিন্দা পার্ক’ নামে দুটি পার্ক খোঁজা হয়। এর একটির আয়তন দশমিক ৩৩ একর, আরেকটির আয়তন দশমিক ১৭ একর। কিন্তু নারিন্দা ঘুরে জানা গেছে, ওই এলাকায় আগে একটি পার্ক ছিল। সেখানে এখন কমিউনিটি সেন্টার গড়ে উঠেছে। আরেকটি পার্ক অনেক খুঁজেও পাওয়া যায়নি। ডিসিসির ৮ নম্বর ওয়ার্ডের ‘মিরপুর এক নম্বর গোলচত্বর পার্ক’ নামে কোনো পার্ক গোলচত্বরে পাওয়া যায়নি। তবে ওই চত্বর থেকে চলে যাওয়া মিরপুর ১০ নম্বরের সড়ক ও চিড়িয়াখানা রোডের প্রান্তে একটি গোলাকার সড়কদ্বীপ আছে। সনি প্রেক্ষাগৃহের সামনের এ সড়কদ্বীপই ডিসিসির পার্কের তালিকায় ‘মিরপুর এক নম্বর গোল চত্বর’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা যায়।এদিকে ডিসিসির তালিকা ধরে ১৯ নম্বর ওয়ার্ডের বনানী জি-ব্লক তন্নতন্ন করে খুঁজেও কোনো শিশু পার্ক পাওয়া যায়নি। অথচ ডিসিসির তালিকা অনুযায়ী জি-ব্লকে ‘বনানী শিশু পার্ক’ নামে একটি পার্ক থাকার কথা। এ প্রসঙ্গে ডিসিসির ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আ ফ ম আবদুল আলীম বলেন, ‘জি-ব্লক একটা ছোট্ট জায়গা। আমার জানা মতে এখানে কোনো পার্ক নেই। খুব সম্ভবত এফ-ব্লকের পার্কটিকেই ভুল করে জি-ব্লকের পার্ক হিসেবে ধরা হয়েছে।’ডিসিসির পার্কের তালিকার গরমিল নিয়ে কথা বলতে ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি এ বিষয়ে ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেন। এ প্রসঙ্গে সিরাজুল ইসলাম জানান, পার্কের তালিকা করা হয়েছে সম্পত্তি বিভাগের নির্দেশনা অনুসারে। পার্কের তালিকা নিয়ে কথা বলতে ডিসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মশিয়ার রহমানের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।