তালিকায় বাদ পড়া এক লাখ মুক্তিযোদ্ধার নাম যুক্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ পড়া প্রায় এক লাখ মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মাধ্যমে বাদ পড়াদের নামের তালিকা প্রাথমিক যাচাই-বাছাই হবে। এদিকে মুক্তিযোদ্ধা সরকারি চাকরিজীবীদের অবসর নেওয়ার বয়স বৃদ্ধি-সংক্রান্ত মানদণ্ডে পরিবর্তন করা হয়েছে। সূত্রমতে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে মোট মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ ৩৮১ জন। এ ছাড়া বিভিন্ন সময়ে জেলা-উপজেলা পর্যায়ে গত দুই বছরে মন্ত্রণালয়ে প্রায় এক লাখ আবেদন জমা পড়েছে। সম্প্রতি মন্ত্রণালয় থেকে এসব আবেদন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে পাঠানো হয়েছে। কাউন্সিলের জেলা-উপজেলা ও মহানগর পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর এসব আবেদন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর নেতৃত্বে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) পাঠানো হবে। জামুকা প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রত্যয়নপত্র দেওয়ার সুপারিশ করবে। এরপর নতুন নাম অন্তর্ভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রণয়ন করবে সরকার।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের আনাচে-কানাচে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির বিষয়ে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাঁরা তালিকাভুক্তির জন্য কোথায় কীভাবে আবেদন করবেন, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। বাদ পড়া মুক্তিযোদ্ধাদের সম্মান দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।সূত্র জানায়, আবেদন যাচাই-বাছাই হবে কয়েকটি পর্যায়ে। এগুলো হলো উপজেলা, জেলা, মহানগর ও কেন্দ্রীয়। উপজেলা কমান্ড যাচাই-বাছাই কমিটির প্রধান হবেন উপজেলা কমান্ড কাউন্সিলের প্রধান। জেলা পুনঃপরীক্ষা আপিল কমিটির প্রধান হবে জেলা কাউন্সিলের প্রধান, মহানগর কমিটির প্রধান হবেন সংশ্লিষ্ট মহানগর কাউন্সিলের আহ্বায়ক এবং কেন্দ্রীয় পুনঃপরীক্ষা আপিল নিষ্পত্তি ও কমিটির প্রধান হবেন কেন্দ্রীয় কাউন্সিলের প্রধান।এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, সারা দেশ থেকে প্রতিদিনই মুক্তিযোদ্ধা সনদ চেয়ে আবেদনপত্র আসছে। গত দুই বছরে প্রায় এক লাখ আবেদন এসেছে। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় বাদ পড়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে। সরকারি চাকরিজীবীদের অবসরের ক্ষেত্রে মানদণ্ডে পরিবর্তন: এদিকে, সরকারি চাকরিজীবী মুক্তিযোদ্ধাদের অবসর নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইতিপূর্বে বেঁধে দেওয়া মানদণ্ডে কিছু পরিবর্তন করা হয়েছে। গত বছরের ৭ নভেম্বর সংস্থাপন সচিবের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামানের সই করা চিঠিতে বলা হয়, সরকার মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করার ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করেছে। এই মানদণ্ডের ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের মুক্তিযোদ্ধা গণকর্মচারী হিসেবে বিবেচনা করতে হবে। ওই মানদণ্ড অনুযায়ী, যেসব কর্মকর্তা-কর্মচারী সরকারি চাকরিতে প্রবেশের সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করেছিলেন, অথবা যাঁদের নাম মুক্তিবার্তা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, অথবা মুক্তিযোদ্ধা হিসেবে যাঁদের নাম গেজেটে প্রকাশিত হয়েছিল, অথবা মুক্তিযোদ্ধা হিসেবে যাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই করা সনদ নিয়েছেন, তাঁদের চাকরির বয়সসীমা বাড়বে। এই বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় ২০০৯ সালের ডিসেম্বর থেকে।সূত্র জানায়, ওই মানদণ্ডের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় একটি ব্যাখ্যা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। এ বিষয়ে প্রায় তিন মাস আলোচনার পর সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় ওই মানদণ্ডে কিছু পরিবর্তন এনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় গত বুধবার পরিবর্তিত মানদণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়েছে।পরিবর্তিত মানদণ্ডে যা আছে: সূত্র জানায়, পরিবর্তিত মানদণ্ডে আগের মানদণ্ডে বর্ণিত ২ ও ৪ নম্বর নির্দেশনা বহাল রাখা হয়েছে। পরিবর্তিত মানদণ্ড অনুযায়ী, সরকারি চাকরিতে প্রবেশের সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণাসংক্রান্ত নির্দেশনাটি বজায় থাকবে, তবে ঘোষণাসংক্রান্ত প্রমাণাদি যাচাই করতে হবে। এ ছাড়া আগের প্রজ্ঞাপনের ৩ নম্বর মানদণ্ডে বর্ণিত গেজেট নোটিফিকেশন যাচাই-বাছাই করতে হবে। উল্লিখিত প্রমাণসহ আরও প্রমাণ যদি থাকে, তা-ও গ্রহণ করা হবে।সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার অধীনে কর্মরত ১৫ হাজার ৭২৮ জন কর্মকর্তা-কর্মচারীকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যয়নের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১০ হাজার ৬৯৮ জনকে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। প্রত্যায়িত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তিন হাজার ৬৭৪ জনের নাম মুক্তিবার্তায় এবং ছয় হাজার ৮৬১ জনের নাম বর্তমান সময়ের আগের গেজেটে এবং ১৬৩ জনের নাম জামুকার সুপারিশক্রমে প্রকাশিত গেজেটে অন্তর্ভুক্ত রয়েছে।প্রসঙ্গত, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত এক লাখ ৫১ হাজার ৩২১টি সাময়িক সনদপত্র দেওয়া হয়েছে। বর্তমান সরকারের সময়ে দেওয়া সনদপত্রের সংখ্যা ২৮ হাজার ৪২টি এবং জামুকার মাধ্যমে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের অনুকূলে ১৯৮টি সাময়িক সনদপত্র দেওয়া হয়েছে।মানদণ্ডের বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধা সরকারি চাকরিজীবীরা যাতে এই সুবিধা পান, সেজন্য এই মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।