উগ্রপন্থী সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীর কার্যালয় এবং ব্লগার রাজীব হত্যায় জড়িত এক শিক্ষার্থীর বাসায় উদ্ধার করা ল্যাপটপ থেকে মন্ত্রী, শিক্ষক, সাংবাদিকসহ বেশ কয়েকজনের ছবিসহ একটি তালিকা উদ্ধার করেছে পুলিশ। এঁদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, জসীমের কার্যালয় থেকে যে তালিকা পাওয়া গেছে, তাতে গত ১৪ ফেব্রুয়ারিতে নিহত ব্লগার আহমেদ রাজীব হায়দার এবং হত্যাচেষ্টার শিকার ব্লগার আসিফ মহিউদ্দিনের নামও আছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত মঙ্গলবার রাজধানীর বছিলা মসজিদসংলগ্ন মুফতি জসীমের কার্যালয়ে অভিযান চালিয়ে কম্পিউটার, ল্যাপটপ, বেশ কিছু বই এবং অর্ধশতাধিক সিডি উদ্ধার করে। গত সোমবার দুপুরে বরগুনার দক্ষিণ খাজুরতলা এলাকায় গোপন বৈঠক করার সময় আনসারুল্লাহর প্রধান মুফতি জসীমসহ ৩১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।এর আগে ব্লগার রাজীব হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থীর বাসা থেকে উদ্ধার হওয়া কম্পিউটার থেকে নাম এবং ছবিসংবলিত কাগজপত্র থেকে এমন একটি তালিকা পেয়েছে পুলিশ।ডিবি পুলিশ জানায়, বরগুনায় গ্রেপ্তার হওয়া মুফতি জসীমকে ব্লগার রাজীব হত্যা মামলায় গ্রেপ্তারের জন্য মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করা হয়েছে। বর্তমানে মুফতি জসীম বরগুনার কারাগারে আছেন। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ব্লগার রাজীব হত্যার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছয় শিক্ষার্থী ও মুফতি জসীম গ্রেপ্তার হওয়ায় এখন শঙ্কা কেটে গেছে। তিনি বলেন, খুনের তালিকায় ছিলেন নিহত ব্লগার আহমেদ রাজীব হায়দায়, হামলার শিকার ব্লগার আসিফ মহিউদ্দিন ও প্রয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন আজাদ। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তালিকায় যাদের নাম আছে, তাদেরও হত্যার পরিকল্পনা ছিল কি না, জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা তা জানার চেষ্টা করছি।’