বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য ৫৬ আবেদন
তালিকায় রাজনীতিবিদ এনজিও, কোচিং ব্যবসায়ীদের প্রাধান্য
দেশে সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫১। এর মধ্যে ১০-১২টি বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলছে, অথবা চলার চেষ্টা করছে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে শিক্ষাবাণিজ্য ও প্রতারণার অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে নতুন করে ৫৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদন জমা পড়েছে।নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সপক্ষে সরকারের যুক্তি হচ্ছে, প্রায় সাড়ে চার বছর ধরে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেওয়া হয়নি। উদ্যোক্তাদের বলা হয়েছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন হলে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হবে। গত বছরের জুলাইয়ে ওই আইন প্রণয়নের পর শিক্ষা মন্ত্রণালয় উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন চেয়েছে।পর্যালোচনা করে দেখা গেছে, আবেদনকারীদের তালিকায় রাজনীতিবিদ, কোচিং ব্যবসায়ী, এনজিওসহ বিভিন্ন পেশার ব্যক্তি রয়েছেন। প্রকৃতপক্ষে শিক্ষক, শিক্ষাবিদ ও শিক্ষানুরাগীদের নাম সেই অর্থে নেই। কেউ কেউ আবার একাধিক বিশ্ববিদ্যালয়ের জন্যও আবেদন করেছেন। সরকারবিরোধী রাজনীতি ও মতাদর্শের ব্যক্তিদের কেউ কেউ নেপথ্যে থেকে বিশিষ্ট ব্যক্তিদের নামে আবেদন করেছেন।কোন এলাকায় কয়টি আবেদন: মোট ৫৬টি আবেদনের মধ্যে ঢাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের আবেদন করা হয়েছে ১৩টি। বাকিগুলোর মধ্যে ১০টি রাজশাহী, সাতটি খুলনা, ছয়টি নারায়ণগঞ্জ, চারটি ময়মনসিংহ, দুটি গাজীপুর, দুটি বগুড়া ও দুটি কুষ্টিয়ায় প্রতিষ্ঠার জন্য আবেদন করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, রংপুর, সিলেট, কুমিল্লা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, কিশোরগঞ্জ, জয়পুরহাট ও যশোরে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন করা হয়েছে।নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রসঙ্গে শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘এ মুহূর্তে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে কি না তা বলা কঠিন। তবে দেশের উচ্চ শিক্ষাদানকারী কলেজগুলোকে উন্নত করে সেখানে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনলে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন হবে না বলে তিনি মত প্রকাশ করেন। তিনি বলেন, ‘ঢাকায় আর বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে বলে মনে করি না।’ নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিতে চাইলে তা ঢাকার বাইরে দেওয়া উচিত বলে তিনি মত দেন।ঢাকায় যাঁরা বিশ্ববিদ্যালয় গড়তে চান: অনুসন্ধানে জানা গেছে, ঢাকার প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ মহীউদ্দীন খান আলমগীর, এক্সিম ইউনিভার্সিটির জন্য এক্সিম ব্যাংক (নজরুল ইসলাম মজুমদার, নুরুল ফজল, আবদুল মান্নানসহ আওয়ামী লীগ-সমর্থক কয়েকজন ব্যবসায়ী এই ব্যাংকের সঙ্গে জড়িত), নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির জন্য সরকারি দলের সাংসদ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকার জন্য জামায়াতের সাংসদ আ ন ম শামশুল ইসলাম আবেদন করেছেন। সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য বিশিষ্ট চিকিত্সক জাতীয় অধ্যাপক এম আর খান করলেও এর নেপথ্যে আছেন একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী এবং ঢাকা ও খুলনায় প্রতিষ্ঠিত একাধিক কলেজ-ইনস্টিটিউটের মালিক গাজী এম এ সালাম।রমডো টেকনিক্যাল ইউনিভার্সিটির জন্য বেগম সোহেলী ইয়াছমিন আবেদন করলেও তাঁর স্বামী আবু হাসনাত মোহাম্মদ ইয়াহিয়া এর মূল ব্যক্তি এবং তিনি সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির মালিক।এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভের জন্য মো. আবদুল আজিজ, নূর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আওয়ামী লীগ-সমর্থক ব্যবসায়ী নূর আলী, আইডিয়াল ইউনিভার্সিটির জন্য ইউসিসি কোচিং সেন্টারের মালিক এম এ হালিম পাটোয়ারি, সোনারগাঁও ইউনিভার্সিটির জন্য ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন এবং অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের জন্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহবুবুল আলম আবেদন করেছেন। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির জন্য তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন আবেদন করেছেন।ঢাকার বাইরে যাঁরা: ঢাকার বাইরে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. আবদুল খালেকের নাম সামনে থাকলেও এর নেপথ্যে আছেন আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক। খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির জন্য খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, টিএমএসএস ইউনিভার্সিটির পেছনে উত্তরাঞ্চলের এনজিও টিএমএসএস, আরডিআরএস ইউনিভার্সিটির জন্য রংপুর অঞ্চলের এনজিও আরডিআরএস (রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিস), নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্য ইউনানি ঔষধালয় হামদর্দ, কিশোরগঞ্জে শোলাকিয়ায় ঈশা খাঁ ইউনিভার্সিটির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী-সমর্থক শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য দুর্গাদাস ভট্টাচার্য এবং রাজশাহীর গ্লোবাল ইউনিভার্সিটির সঙ্গে সরকারি কর্মকমিশনের সাবেক সদস্য মহব্বত আলী খানের নাম রয়েছে। রমডো টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রথমে ঢাকায় স্থাপনের জন্য আবেদন করলেও পরে তা প্রত্যাহার করে ময়মনসিংহে প্রতিষ্ঠার আবেদন করেছেন। খুলনা ডিজিটাল ইউনিভার্সিটির জন্য আবেদন করেছেন এম এ কাইয়ুম।রাজশাহীতে কিংস ইউনিভার্সিটির জন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনান আহমেদ আবেদন করলেও এর নেপথ্যে রয়েছেন এশিয়ান ইউনিভার্সিটির কয়েকজন উদ্যোক্তা। রাজশাহীতে ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় খোলার আবেদন করা হয়েছে এবং এর নেপথ্যে আছেন নর্দার্ন ইউভার্সিটির কয়েকজন উদ্যোক্তা। এশিয়ান ও নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের কয়েকজন বিএনপি-জামায়াত সমর্থক। বরিশাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আবেদন করেছেন পটুয়াখালী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান। খুলনার শ্রীশ্রীঅনুকুলচন্দ্র সংসঙ্গ ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করেছেন সেখানকার একটি আশ্রমের অধ্যক্ষ অনাদি মোহন মণ্ডল, ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের অবসরপ্রাপ্ত অধ্যাপক এস এম বুলবুল।একই ব্যক্তির একাধিক আবেদন: আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এটি ঢাকা আহছানিয়া মিশনের তত্ত্বাবধায়নে পরিচালিত হয়। এর পাশাপাশি মিশনের সভাপতি কাজী রফিকুল আলম আহছানিয়া মিশন বিশ্ববিদ্যালয় নামে রাজশাহীতে এবং খুলনায় আহছানউল্লাহ নামে দুটি বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করেছেন। পিএইচপি গ্রুপের সুফী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স নামে রাজশাহী ও চট্টগ্রামে দুটি বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করেছেন। একই নামে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। আবদুল কবির খান নামে একজন ব্যবসায়ী যশোরে যশোর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নারায়ণগঞ্জে ওরিয়েন্টাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ নামে দুটি বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভের আবেদনকারী মো. আবদুল আজিজ নারায়ণগঞ্জে সুপ্রিম ইউনিভার্সিটি নামে আরও একটি বিশ্ববিদ্যালয়ের আবেদন করেছেন।যাচাইয়ের কাজ মার্চের প্রথম দিকে: শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইউজিসি বেশির ভাগ প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের বিষয়ে খোঁজখবর নেওয়ার কাজ শেষ করেছে। মার্চের প্রথম সপ্তাহে যাচাইয়ের কাজ শেষ করা হবে বলে আশা করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা ইউজিসির সদস্য আতফুল হাই শিবলী। প্রথম আলোকে তিনি বলেন, ‘প্রস্তাবগুলোর বিষয়ে দুই ভাবে যাচাই হচ্ছে। প্রথমত, আবেদনের কাগজপত্র ঠিক আছে কি না তা দেখা হচ্ছে এবং দ্বিতীয়ত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের স্থানগুলো পরিদর্শন করা। ইতিমধ্যে বেশির ভাগ প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের যাচাইয়ের কাজ শেষ হয়েছে। যাচাইয়ে আমরা যা পাব, তা শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়ে দেব। তারাই অনুমোদন দেওয়া বা না দেওয়ার কাজটি করবে।’ইউজিসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, মন্ত্রণালয় থেকে ৪৯টি আবেদনের বিষয়ে যাচাই করতে বলা হয়। এর মধ্যে কয়েকটি ছাড়া বাকিগুলোর পরিদর্শনসহ যাচাইয়ের কাজ শেষ হয়েছে।কুষ্টিয়া, খুলনা ও সিলেট অঞ্চলের প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়গুলোতে পরিদর্শনে যাওয়া ইউজিসির সদস্য মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন ‘পরিদর্শনে ভালো-মন্দ দুই ধরনের তথ্যই আমরা পেয়েছি।’শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবগুলো যাচাই করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দেওয়ার পর ইউজিসি ইতিমধ্যে বেশির ভাগ প্রস্তাবের যাচাই শেষ করেছে।এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন আবেদনগুলো যাচাই-বাছাই করছি। এরপর এগুলো নিয়ে বসে দেখব কোনগুলো অনুমোদন পাওয়ার যোগ্য আর কোনগুলো যোগ্য নয়। এরপর অনুমোদন দেওয়ার কাজ শুরু হবে।’