তালেবান অথবা যুক্তরাষ্ট্র- একটি বেছে নাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১-এর ১১ সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ বন্ধু পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, হয় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবে নয়তো বিপক্ষে। মাঝামাঝি কিছু নেই। সেই সঙ্গে ইসলামাবাদের কর্মকর্তাদের বিরাট তালিকা ধরিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র অবিলম্বে তা পূরণ করতে বলে। এ হামলার দশম বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার প্রকাশ করা এ-সংক্রান্ত গোপন মার্কিন নথিতে এ কথা বলা হয়েছে। এ হামলার জন্য আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদাকে দায়ী করা হয়। এ হামলায় তিন হাজারের বেশি লোক নিহত হয়। ওই ঘটনার পরপরই শীর্ষস্থানীয় একজন মার্কিন কর্মকর্তা পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের তত্কালীন প্রধান মাহমুদ আহমেদকে বলেন, তাঁদের সামনে পছন্দ-অপছন্দের কোনো সুযোগ নেই। হয় যুক্তরাষ্ট্রে পক্ষে অথবা বিপক্ষে থাকতে হবে তাঁদের।এর দুই দিনের মধ্যে তত্কালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের হাতে বিরাট তালিকা ধরিয়ে দেয় যুক্তরাষ্ট্র। এ তালিকায় ছিল পাকিস্তানের আকাশ ব্যবহার করে যুদ্ধবিমান ওড়ার ও নামার অনুমতি এবং তালেবানের জন্য জ্বালানিসহ সব ধরনের সরবরাহ বন্ধ করা।প্রকাশিত মার্কিন নথি থেকে দেখা যায়, এ সময় মার্কিন কর্মকর্তারা সব ধরনের যোগাযোগ রাখতেন আইএসআইয়ের সঙ্গে। ওয়াশিংটনের পক্ষ থেকে ইসলামবাদকে বলা হয়, যুক্তরাষ্ট্র বা তালেবান যে কোনো একটিকে তাদের বেছে নিতে হবে।নাইন-ইলেভেনের হামলার পর তত্কালীন মার্কিন উপপররাষ্ট্রসচিব রিচার্ড আর্মিটেজ আইএসআইয়ের প্রধানের সঙ্গে বৈঠক করেন। ১৫ মিনিটের ওই বৈঠকে পাকিস্তানকে যেকোনো একটি পক্ষকে বেছে নিতে বলে যুক্তরাষ্ট্র। আলোচনায় পাকিস্তানের পক্ষ থেকে প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ভাব দেখান হলে আর্মিটেজ কঠোর ভাষায় বলে দেন, মধ্যপন্থা বলে কিছু আর পাকিস্তানের জন্য নেই।তখন আইএসআইয়ের প্রধান যুক্তরাষ্ট্রকে এ বলে আশ্বস্ত করেন যে পাকিস্তান এ ব্যাপারে প্রশ্নাতীত সমর্থন দিয়ে যাবে এবং যুক্তরাষ্ট্রে যা প্রয়োজন সেটাই করবে। পিটিআই।