তালেবান জঙ্গিদের শাস্তিকেন্দ্র এখন নারী মুষ্টিযোদ্ধাদের প্রশিক্ষণকেন্দ্র (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবান জঙ্গিদের শাসনামলে আফগানিস্তানের নারীদের জন্য সব ধরনের খেলাধুলা নিষিদ্ধ ছিল। তাঁদের শাসনের অবসানের পর থেকে নারীরা একে একে বিভিন্ন খেলাধুলায় মনোযোগী হয়ে ওঠে। রক্ষণশীলতার শিকল থেকে মুক্ত হওয়ার পর নারীরা অন্য খেলার পাশাপাশি মুষ্টিযুদ্ধের প্রশিক্ষণও নিতে শুরু করে। যে ব্যায়ামাগারে একসময় তালেবান জঙ্গিদের শাস্তি দেওয়া হতো, তাদের প্রতি ঘৃণা প্রকাশের নমুনা হিসেবে সেই ব্যায়ামাগারেই এখন কঠোর অনুশীলন করছেন আফগানিস্তানের নারী মুষ্টিযোদ্ধারা। রক্ষণশীল আফগানিস্তানে ২০০৭ সালে গঠিত প্রথম নারী মুষ্টিযোদ্ধা দলটি এখন পর্যন্ত পদক জয়ের কোনো প্রতিযোগিতায় অংশ নেয়নি। লন্ডনে এ বছর অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে প্রথমবারের মতো অংশ নেবেন আফগান নারীরা।আফগান নারী মুষ্টিযোদ্ধা দলের সদস্য শবনম ও তাঁর বোন সাদাফ। শবনমের বয়স ১৯ আর সাদাফের ১৮। অলিম্পিকে সুযোগ পাওয়ার স্বপ্ন দেখছেন দুজনই। সাদাফ জানান, মুষ্টিযুদ্ধ খেলার কারণে তাঁর পরিবারকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছে।‘আমরা তিন বোন বক্সিং ক্লাবে যাই বলে আমার পরিবারকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছে। ওরা আমার পরিবারকে প্রশ্ন করত, কেন একই পরিবারের তিনজন মেয়েকে বক্সিং ক্লাবে পাঠানো হলো। এটা খুব কষ্টদায়ক খেলা। এ জন্য অনেকে আবার বিস্ময় প্রকাশও করত’—বলছিলেন সাদাফ।আফগান বক্সিং ফেডারেশনে নিবন্ধিত মুষ্টিযোদ্ধা রয়েছেন ২৫ জন। প্রত্যেকে সপ্তাহে তিন দিন করে অনুশীলন করেন। নারী মুষ্টিযোদ্ধাদের এগিয়ে নিতে সবার সহযোগিতা চেয়ে কোচ নিসার আহমেদ বলেন, ‘আফগান সরকার, ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠান সবার সহযোগিতা চাই আমরা।’ রয়টার্স।