তালেবান জঙ্গিদের সঙ্গে আলোচনার কথা অস্বীকার পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার কথা অস্বীকার করেছে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, জঙ্গিরা অস্ত্র ত্যাগ ও আত্মসমর্পণণ করলে তবেই শান্তি আলোচনা হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।গত শনিবার তালেবানের ডেপুটি কমান্ডার মৌলভি ফকির মোহাম্মদ দাবি করেন, সরকারের সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। তালেবান জঙ্গিদের এ দাবি নাকচ করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, ‘আমি সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলছি, কোনো আলোচনা হয়নি।’তবে এ প্রসঙ্গে একটু নরম সুরে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। তিনি বলেন, ‘যারা আত্মসমর্পণ ও সহিংসতার নিন্দা জানাবে, তাদের সঙ্গে আলোচনা হতে পারে।’ গত শনিবার দেশটির জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের নেতা (টিটিপি) মৌলভি ফকির মোহাম্মদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সহিংসতার অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সঙ্গে আমাদের আলোচনা সঠিক পথেই এগোচ্ছে।’