তালেবান জঙ্গিদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক শুরু
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, তালেবান জঙ্গিদের সঙ্গে ত্রিপক্ষীয় গোপন বৈঠক শুরু করেছে যুক্তরাষ্ট্র ও আফগান সরকার। আজ বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত কারজাইয়ের এক সাক্ষাত্কারের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। কারজাই বলেন, ‘তালেবান জঙ্গিদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও আফগান সরকারের আলোচনা হয়েছে। তালেবানসহ আমাদের তিন পক্ষের মধ্যেই কথা হয়েছে।’ পত্রিকাটি জানায়, ভণ্ডুল হয়ে যাওয়ার আশঙ্কায় আলোচনার স্থান সম্পর্কে জানাতে চাননি কারজাই। তিনি মনে করেন, তালেবান জঙ্গিদের বেশির ভাগই ‘নিশ্চিতভাবে’ শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী।কারজাইয়ের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, ‘তালেবানসহ আফগানিস্তানের জনগণ শান্তি চায়। আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’শান্তি-প্রক্রিয়ায় অগ্রগতি হচ্ছে—এমন মন্তব্য করে কারজাই বলেন, ইতিমধ্যে আফগানিস্তানের নিরাপত্তায় নিয়োজিত মার্কিন এবং ন্যাটো বাহিনী সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের শেষ নাগাদ দেশটির নিরাপত্তার দায়-দায়িত্ব আফগানিস্তানের হাতে ফিরিয়ে দেওয়ারও প্রস্তুতি চলছে।