তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ নিহত!
পাকিস্তানের তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। দেশটির চার গোয়েন্দা কর্মকর্তা গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা বলেন, পাকিস্তানি তালেবান যোদ্ধাদের ওয়্যারলেস রেডিওর কথোপকথন থেকে জানা যায়, তাদের নেতা মেহসুদ নিহত হয়েছেন। আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি এলাকায় একটি বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় ওই হামলায় নিহত হন। পাকিস্তানের ওই গোয়েন্দা কর্মকর্তারা বলেন, ‘ছয় থেকে সাতজন তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য নিজেদের মধ্যে ওয়্যারলেস রেডিওর মাধ্যমে কথা বলছিলেন। তাদের ওই আলোচনায় আমরা শুনতে পাই, মিরনশাহর কাছে একটি বৈঠকে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন মেহসুদ।’ তালেবান যোদ্ধারা মেহসুদকে সাংকেতিক নামে ডাকছিল বলে উল্লেখ করেন গোয়েন্দারা। তবে তারা সেই সাংকেতিক নাম প্রকাশ করেনি। তবে পাকিস্তানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানান, তালিকাভুক্ত জঙ্গি হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার ব্যাপারে তাঁদের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। পাকিস্তানি তালেবানরা এ প্রতিবেদন অস্বীকার করেছে।পাকিস্তানের তালেবান জঙ্গিরা মেহসুদ নিহত হওয়ার খবর অস্বীকার করেছে। তবে তাদের এ অস্বীকৃতির সুর কিছুটা নমনীয়। এ ব্যাপারে টিটিপির মুখপাত্র ইসানুল্লাহ ইসান এক বিবৃতিতে বলেন, ‘তাঁর নিহত হওয়া-সংক্রান্ত প্রতিবেদনের কোনো সত্যতা নেই। তবে তিনি একজন মানুষ। যেকোনো সময় মারা যেতে পারেন। তিনি একজন মহান যোদ্ধা এবং তিনি শহীদ হবেন এমনটাই আমরা কামনা করি।’টিটিপির বিবৃতিতে আরও বলা হয়, ‘হাকিমুল্লাহ মেহসুদ জীবিত থাকুক আর মারা যান, আমরা আমাদের জিহাদ চালিয়ে যাব। জঙ্গলে অনেক সিংহ আছে। এক সিংহ চলে গেলে তাঁর স্থানে আরেক সিংহ আসবে।’২০০৯ সালে টিটিপি নেতা বাইতুল্লাহ মেহসুদ মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। এরপর হাকিমুল্লাহ মেহসুদ তাঁর উত্তরসূরি হন। বাইতুল্লাহর মৃত্যুতে তালেবান জঙ্গিরা দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছিল; তবে বাস্তবে তা হয়নি।