তালেবান বুলেটে হারেনি অকুতোভয় কিশোরী মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবানের গুলিতে আহত নারীশিক্ষা আন্দোলনের অকুতোভয় কর্মী মালালা ইউসুফজাই (১৪) এখন আশঙ্কামুক্ত। অস্ত্রোপচার করে তার দেহ থেকে একটি গুলি বের করা হয়েছে। মালালার সুস্থতা কামনা করে গতকাল বুধবার পাকিস্তানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রার্থনা করা হয়েছে। হাজার হাজার মানুষ শুভকামনা জানিয়ে তাকে বার্তা পাঠিয়েছে।তালেবানের মুখপাত্র এহসানউল্লাহ এহসান টেলিফোনে বলেন, ‘মালালা পশ্চিমা সংস্কৃতির প্রতীক। এবার সে বেঁচে গেলেও জঙ্গিরা আবার তাকে হত্যার চেষ্টা করবে।’ তিনি বলেন, শিক্ষার অধিকারের জন্য মালালার লড়াই ‘অশ্লীলতা’ ছাড়া আর কিছু নয়।গত মঙ্গলবার দিবাগত রাতে পেশোয়ারের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) একদল চিকিৎসক প্রায় তিন ঘণ্টা অস্ত্রোপচার চালিয়ে মালালার দেহ থেকে গুলিটি বের করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য আর বিদেশ পাঠানোর দরকার নেই। রাজধানী ইসলামাবাদের উত্তর-পশ্চিমে সোয়াত উপত্যকার মিংগোরা শহরে গত মঙ্গলবার স্কুলবাসে হামলা চালায় বন্দুকধারীরা। এ হামলায় মালালা মাথায় গুলিবিদ্ধ হয়। তালেবান এ হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, মালালা এখন আশঙ্কামুক্ত। তার ওপর হামলাকারী তালেবান জঙ্গিরা যেখানেই থাকুক, তাদের বিচারের আওতায় আনা হবে। সেনাবাহিনীর প্রধান জেনারেল আশফাক কায়ানি গতকাল মালালাকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি বলেন, ‘তালেবান জঙ্গিরা আমাদের মেয়েদের ওপর হামলা চালাচ্ছে। তালেবানকে ছাড় দেওয়া হবে না।’ এদিকে খাইবার-পাখতুনখাওয়া প্রাদেশিক সরকারের তথ্যমন্ত্রী মিয়া ইফতেখার হোসাইন ঘোষণা দিয়েছেন, মালালার ওপর হামলাকারী সন্ত্রাসীদের কেউ শনাক্ত করতে পারলে তাকে এক কোটি রুপি পুরস্কার দেওয়া হবে।তালেবাননিয়ন্ত্রিত সোয়াত উপত্যকায় তার জীবনযাপন নিয়ে ২০০৯ সালে বিবিসি উর্দুতে লেখালেখির সুবাদে সবার নজরে আসে মালালা। জঙ্গিরা ২০০৭ সালে ওই উপত্যকা দখলে নেওয়ার পর মেয়েদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করে। মালালা এ সিদ্ধান্তের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায়। মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে প্রচারণা চালায়। এ জন্য সে তালেবানের রোষানলে পড়ে। মালালা গত বছর পাকিস্তান সরকারের কাছ থেকে জাতীয় শান্তি পুরস্কার পায়। একই বছর শিশুদের অধিকার নিয়ে কাজ করে কিডস রাইটস ফাউন্ডেশনের ‘ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ’-এর জন্য মনোনীত হয় সে।মালালার ওপর হামলার নিন্দা জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। প্রধানমন্ত্রী ফোন করে মালালার খোঁজখবর নেন। যুক্তরাষ্ট্র এ হামলাকে ‘বর্বরোচিত’ ও ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এ ঘটনা প্রমাণ করে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নারীদের জীবন তালেবান জঙ্গিদের অব্যাহত হুমকির মুখে রয়েছে। এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্টসহ (ফোরাম-এশিয়া) বিভিন্ন মানবাধিকার সংগঠন এ হামলার নিন্দা জানায়। এএফপি, বিবিসি, নিউইয়র্ক টাইমস।