তালেবান হটাতে...
জিয়ারত বিবির গলা ধরে আসে। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তাঁর বাস। তালেবানের বোমা জিয়ারত বিবির কোল খালি করেছে। তাঁর স্কুলপড়ুয়া ছেলেকে চিরদিনের জন্য নিয়ে গেছে। স্কুলে যাওয়ার আগে ছেলেকে বলা শেষ কথাগুলো তাঁর কানে আজও বাজে। একটি বেসরকারি বেতার কেন্দ্রের অনুষ্ঠানে শ্রোতাদের সে কথা শোনাচ্ছেন তিনি। বেদনার কথা বলতে গিয়ে তিনি যেমন নিজে আপ্লুত হন, তেমনি তাঁর অন্তরস্পর্শী কথা শ্রোতাকেও গভীরভাবে নাড়া দেয়। একই সঙ্গে তালেবানদের ওপর বাড়ে ক্ষোভ।আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রবীণ সাংবাদিক ইমতিয়াজ গুলের প্রতিষ্ঠিত পশতু ভাষার রেডিওতে প্রচারিত এ ধরনের অনুষ্ঠানের লক্ষ্য তালেবানের নৃশংসতার ব্যাপারে মানুষকে সচেতন করা। তালেবানকে তার অবস্থান থেকে হটানো।পাকিস্তান সরকার তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অনেক দিন ধরে লড়ছে। কিন্তু সাফল্য আসেনি। দেশটির সরকারি বেতার ব্যস্ত থাকে প্রধানমন্ত্রীর সফরসূচি আর নানা স্তুতি প্রচার করে। অপরদিকে তালেবানেরও আছে ডজন খানেক বেতার কেন্দ্র। গোপন স্থান থেকে সেসব বেতারে অবিরত ঘোষণা করা হয় তালেবানের শিকারের তালিকা আর জিহাদের আগুন ঝরা কথামালা। এই প্রেক্ষাপটে সাংবাদিক ইমতিয়াজ গুল একটি বেতার কেন্দ্র প্রতিষ্ঠার তাগিদ অনুভব করেন। যেই চিন্তা, সেই কাজ। তিনি ভিন্ন কিছু করতে চেয়েছেন। এই বেতার কেন্দ্রে সংবাদ, তথ্য ছাড়াও বিভিন্ন বিষয়ে সরাসরি বিতর্ক প্রচারিত হয়। এসব বিতর্কের মধ্যে আল-কায়েদা ও তালেবানের কার্যক্রম, সিআইএর পোলিও টিকা কর্মসূচি, আত্মঘাতী কর্তৃক মুসলমান হত্যা ইত্যাদি বিষয় স্থান পাচ্ছে। পশতুন উপজাতিদের জ্যেষ্ঠ নাগরিক, স্থানীয় মোল্লা, অধিকারকর্মী ও কর্মকর্তারা এসব অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আর শ্রোতারা যুক্ত হচ্ছেন ফোনের মাধ্যমে। সবকিছু মিলিয়ে এই বেতার কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান জঙ্গিবাদ ও শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সেখানকার শ্রোতাদের চিন্তার খোরাক জোগাচ্ছে।২০০৯ সালে সাংবাদিক গুল যখন তাঁর রেডিওতে এ ধরনের অনুষ্ঠান প্রচার শুরু করেন, তখন মানুষ কথা বলতে পর্যন্ত ভয় পেত। কিন্তু এখন অনেকে সাহসিকতার পরিচয় দিয়ে বেতারে কথা বলছেন। এর মধ্য দিয়ে ওই অঞ্চলের মানুষের মধ্যে তালেবান ও তাদের জঙ্গি কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়ছে। তালেবানের প্রতি কমছে মানুষের সমর্থন।