তালেবান হামলায় পাঁচ আফগান পুলিশ কর্মকর্তা নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে আজ মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় পুলিশের পাঁচজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়। এ হামলার দায় স্বীকার করে তালেবানের একজন মুখপাত্র জানান, নানগড়হার প্রদেশের রাজধানী জালালাবাদে পুলিশ সদর দপ্তরে সাতজন এই আত্মঘাতী হামলা চালায়। এর মধ্যে একজন বিস্ফোরকদ্রব্য দিয়ে একটি গাড়ির বিস্ফোরণ ঘটান। তিনজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন। বাকি তিনজন হামলাকারী পুলিশ সদর দপ্তরের পাশে আত্মঘাতী বিস্ফোরণ ঘটান। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ।তালেবানের পক্ষ থেকে জানানো হয়, তাদের হামলার মূল লক্ষ্য ছিল জালালাবাদে আফগান পুলিশদের প্রশিক্ষণের জন্য বিদেশি ও ইসরায়েলি শিক্ষকেরা।এর আগে গত ডিসেম্বরে তালেবানরা জালালাবাদে মার্কিন-আফগান যৌথ বিমানঘাঁটিতে হামলা চালায়। এতে আফগানিস্তানের চারজন সদস্য ও ন্যাটোর বেশ কয়েকজন সেনা আহত হয়।