তালেবান হামলায় অক্ষত হ্যারি, নিহত ২
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে ন্যাটোর প্রসিদ্ধ ঘাঁটি ক্যাম্প ব্যাসনে গতকাল শুক্রবার রাতে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এতে অন্তত দুই মার্কিন মেরিন সেনা নিহত হয়েছেন। ওই ঘাঁটিতে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি অবস্থান করছেন। হামলায় তাঁর কোনো ক্ষতি হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শনিবার বিবিসি অনলাইন ও আল জাজিরা টেলিভিশনের অনলাইনে এসব তথ্য জানানো হয়। ন্যাটোর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্সের (আইএসএএফ) মাস্টার সার্জেন্ট বব বারকো জানান, স্থানীয় সময় মধ্যরাতের দিকে এই হামলা চালানো হয়। এ সময় রকেটচালিত গ্রেনেড, মর্টার ও ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জঙ্গিরা। হামলা চলাকালে প্রিন্স হ্যারি ওই ঘাঁটিতে অবস্থান করলেও তাঁর কোনো ক্ষতি হয়নি।কর্মকর্তারা জানান, ক্যাম্প ব্যাসন বিদেশি সেনাদের ঘাঁটি। বিভিন্ন দেশ থেকে আসা ন্যাটো সেনারা এখানে অবস্থান করছেন। গতকালের হামলাটি ব্যাসনের মার্কিন ঘাঁটি, ক্যাম্প লেথারনেককে লক্ষ্য করে চালানো হয়। তাঁর অবস্থানের কারণে এ হামলা করা হয়েছে কি না, এ ব্যাপারে তদন্ত করা হবে বলে জানান তাঁরা। চলতি সপ্তাহের শুরুর দিকে তালেবান জঙ্গিরা প্রিন্স হ্যারিকে হত্যা বা অপহরণে সাধ্যমতো চেষ্টা করবে বলে হুমকি দিয়েছিল।২৭ বছর বয়সী প্রিন্স হ্যারি ক্যাম্প ব্যাসনের সামরিক হেলিকপ্টারের পাইলট হিসেবে কর্মরত আছেন। আরও চার মাস তিনি এ ঘাঁটিতে অবস্থান করবেন।