তালেবানকে ফাঁকি দিয়ে পুরস্কার পেল মালালা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবান অধ্যুষিত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সোয়াত উপত্যকা। এখানে নারীদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবানরা। মেয়েদের ভয় দেখিয়ে ঘরে থাকতে বাধ্য করা হয়েছে। এর মধ্যেও তালেবানদের চোখ ফাঁকি দিয়ে অনেকে গোপনে চালিয়ে যাচ্ছে লেখাপড়া। এদেরই একজন ১৪ বছর বয়সী মালালা ইউসুফজাই। শত প্রতিবন্ধকতার মধ্যেও সে চালিয়েছে তার লেখাপড়া, লিখেছে ইন্টারনেটে ‘অনলাইন ডায়েরি’। আর এর পুরস্কার হিসেবে সে পেয়েছে পাকিস্তানের প্রথম শান্তি পুরস্কার। ইউসুফজাই বলে, ‘আমি সব সময় ভয়ে ভয়ে থাকতাম, লেখাপড়া করার জন্য কখন তালেবান জঙ্গিরা আমার শিরশ্ছেদ করে।’ সে আরও বলে, ‘ওরা বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে দেখত মেয়েরা লেখাপড়া করছে কি না? টেলিভিশন দেখছে কি না?’এসব প্রতিকূলতা সত্ত্বেও লেখাপড়া করছে এবং ইন্টারনেট ব্যবহার করে লিখেছে নিজের জীবনযুদ্ধের কথা। এর স্বীকৃতি হিসেবে সে জিতল পাকিস্তানের প্রথম শান্তি পুরস্কার। পুরস্কার পেয়ে ইউসুফজাই বলে, ‘আমার বইগুলো আমি বিছানার নিচে লুকিয়ে রাখতাম, যাতে তল্লাশির সময় তালেবানরা আমার ঘরে বইগুলো খুঁজে না পায়।’পাঁচ লাখ রুপি মূল্যমানের পাকিস্তানে এই জাতীয় শান্তি পুরস্কার প্রথমবারের মতো দেওয়া হলো। এরপর থেকে প্রতিবছর ১৮ বছর বয়সের নিচের যেসব শিশু দেশের শান্তি ও শিক্ষার জন্য অবদান রাখবে তাদেরকে জাতীয় এ পুরস্কার দেওয়া হবে। এ জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফরাজা গিলানি তাঁর মন্ত্রিসভাকে দিক-নির্দেশনাও দিয়েছেন। ইউসুফজাই শিশুদের আন্তর্জাতিক শান্তি পুরস্কার ২০১১-এর জন্যও মনোনীত হয়েছিল। এ পুরস্কারের জন্য বিশ্বের ৪২টি দেশের মধ্য থেকে পাঁচজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। প্রতিবছর যেসব শিশু তাদের শত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তাদের সাহস ও অসাধারণ কাজের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করে, তাদের দেওয়া হয় এ পুরস্কার। মালালা ইউসুফজাই আন্তর্জাতিক এ পুরস্কার জিততে না পারলেও, ভবিষ্যতে সে ভালো কিছু করার আশা ব্যক্ত করেছে। সে বলে, ‘যেহেতু দেশের সত্ ও যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে, তাই আমি বড় হয়েছে দেশকে নেতৃত্ব দেব।’ মালালা এমন এক সমাজের স্বপ্ন দেখে যেখানে মেয়েরা কোনো প্রতিবন্ধকতা ছাড়াই শিক্ষা গ্রহণ করতে পারবে।