তালেবানদের নতুন নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের তালেবান! নাম শুনে হয়তো আঁতকে ওঠার কথা। তালেবানের নেতৃত্বে পরিবর্তন, মানে হয়তো নতুন কোনো চাল! বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের এ জঙ্গি গোষ্ঠীটি নতুন একজন নেতা পেয়েছে। সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি) নামের জঙ্গি গোষ্ঠীটির নেতৃত্বে পরিবর্তন আসন্ন। তিন বছরের বেশি সময় ধরে এ জঙ্গি গোষ্ঠীর নেতৃত্বদানকারী হাকিমুল্লাহ মেহসুদের (৩৩) জায়গায় দায়িত্ব নিতে পারেন দলটির উপনেতা ওয়ালি-উর রেহমান (৪০)।পাকিস্তান সেনাবাহিনীর ওই কর্মকর্তা দাবি করেন, তালেবান গোষ্ঠীর কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন হাকিমুল্লাহ মেহসুদ। তাই এখন এ জঙ্গি গোষ্ঠীর দায়িত্ব নিতে পারেন দলটির উপনেতা ওয়ালি-উর রেহমান । হাকিমুল্লাহ মেহসুদ নির্মম ও কঠোর হিসেবে পরিচিত হলেও ওয়ালি-উর রেহমান এ গোষ্ঠীর মধ্যে মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিত।রয়টার্স জানায়, হাকিমুল্লাহ মেহসুদের নৃশংসতা তাঁকে এ গোষ্ঠীর অন্যান্য সদস্য থেকে আলাদা ও দুর্বল করে ফেলেছে। তাই এ জঙ্গি গোষ্ঠীর সবার কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে রেহমানের নাম উঠে এসেছে। মধ্যপন্থী নেতা হিসেবে ওয়ালি-উর রেহমান পাকিস্তান সরকারের সঙ্গে সংঘাতে জড়ানোর বদলে আফগানিস্তানে আক্রমণের বিষয়টিকে বেশি গুরুত্ব দেন। তাই নেতৃত্বে পরিবর্তন এলে পাকিস্তানে নিজেদের মধ্যে সংঘাতের পরিবর্তে আফগানিস্তানে মার্কিন সৈন্যদের ওপর আক্রমণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।প্রসঙ্গত, বায়তুল্লাহ মেহসুদের তৈরি টিটিপি বা পাকিস্তান তালেবান ২০০৭ সালে জঙ্গি গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছিল। যুক্তরাষ্ট্রের মদদনির্ভর পাকিস্তান সরকার হটানোর পরিকল্পনা নিয়ে পাকিস্তান তালেবান কাজ শুরু করে। ২০০৭ সালে পাকিস্তানের লাল মসজিদে পাকিস্তান সেনাবাহিনী অভিযান চালালে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে তালেবানরা লড়াই শুরু করে এবং পরবর্তীতে প্রতিবেশী দেশ আফগানিস্তানেও জঙ্গি আক্রমণ বাড়াতে থাকে। ২০০৯ সালের আগস্ট মাসে পাকিস্তান তালেবানের প্রধান হিসেবে দায়িত্ব নেন ৩০ বছর বয়সী হাকিমুল্লাহ মেহসুদ। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর সাত সদস্যকে হত্যার অভিযোগে অভিযুক্ত হন তিনি। রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের অনেক সেনাসদস্য মনে করছেন, দক্ষিণ ওয়াজিরিস্তানের মতো এলাকায় হাকিমুল্লাহ মেহসুদ আর নেতৃত্ব দিচ্ছেন না।যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা অবশ্য তালেবান গোষ্ঠীর মধ্যে মতবিরোধ নিরসনের একটা পন্থা বলে মনে করছে ও নেতৃত্ব পরিবর্তন হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে। মেহসুদ বা ওয়ালি-উর-রহমান যে কারও সম্পর্কে তথ্য দিতে পারলে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে পাকিস্তানের একজন সেনা কর্মকর্তা জানান, তালেবানের মধ্যে নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি প্রায় ছয় মাস আগেই তিনি টের পেয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ ও যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমানের (ড্রোন) আক্রমণে কোণঠাসা ও অসুস্থ হয়ে পড়া মেহসুদের পরিবর্তে জঙ্গি গোষ্ঠীটির নতুন নেতৃত্ব নির্বাচনপ্রক্রিয়া তখন থেকেই শুরু হয়েছিল। তালেবানদের বর্তমান পরিস্থিতি অনুসারে তাই ওয়ালি-উর রেহমানকে নেতা হিসেবে বেছে নেওয়ার সম্ভাবনা বেশি।