তালেবানদের সঙ্গে আলোচনায় বসতে চান জারদারি
পাকিস্তানের তালেবানদের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ব্রিটেন সফরে গিয়ে তিনি বলেছেন, ‘আমরা কখনোই আলোচনা বন্ধ করিনি। আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, তালেবানরা সেই চুক্তি ভেঙেছে। তারা যখনই বুঝতে পারবে যে তারা আমাদের সঙ্গে শক্তিতে পেরে উঠবে না, তখনই তারা আলোচনায় বসবে।’ গতকাল শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর পরই জারদারি এ কথা বলেন।গত বছর সোয়াত ভ্যালিতে পাকিস্তান সরকারের সঙ্গে তালেবানদের একটা চুক্তি হয়। সেখানে তালেবানদেরকে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ দেওয়া হয়। কিন্তু তালেবানরা পাকিস্তানের অন্যান্য অংশেও তাদের কর্মকাণ্ড বিস্তার করে সেই চুক্তি ভঙ্গ করে।পাকিস্তানের পশ্চিমা মিত্ররা চায়, পাকিস্তান তালেবানদের সঙ্গে আলোচনায় বসার বদলে তাদের দমন করুক। এখন জারদারির এ মন্তব্যে অনেকেরই অবাক হওয়ার কথা। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাত্কারে রাজনৈতিক বিশ্লেষক পি জে মির বলেছেন, ‘আমার মনে হয়, জারদারির এ মন্তব্যের কারণে তিনি অনেক সমালোচনার মুখে পড়বেন। পাকিস্তানে, বিশেষত সীমান্ত অঞ্চলে প্রতিদিনই অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। এ মুহূর্তে তালেবানদের নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ করে দিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসাটা খুবই কঠিন একটা কাজ হয়ে দাঁড়াবে।’—আল জাজিরা অনলাইন।