তালেবানদের সঙ্গে কান্দাহারে লড়াই চলছে
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে আজ রোববারও তালেবানদের সঙ্গে আফগান ও ন্যাটো সেনাদের তুমুল লড়াই চলছে। তীব্র লড়াইয়ে শহরটি এখন প্রায় অচল হয়ে পড়েছে বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো সেখানে সংঘর্ষ অব্যাহত রয়েছে। গতকাল শনিবার তালেবান জঙ্গিরা কান্দাহারের বিভিন্ন সরকারি ভবনে একযোগে হামলা চালায়। এর মধ্যে অন্তত ছয়টি ছিল আত্মঘাতী হামলা। গতকাল রাতভর উভয় পক্ষের মধ্যে লড়াই চলে। এতে এ পর্যন্ত নয়জন নিহত এবং প্রায় ৪৬ ব্যক্তি আহত হয়েছে বলে দেশটির পুলিশ সূত্র জানিয়েছে। আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে ছয়জন তালেবান জঙ্গি রয়েছে। আহতদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্যও রয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, এখনো সেখানে উভয় পক্ষের মধ্যে ভারী অস্ত্রের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তালেবানদের সঙ্গে এই যুদ্ধে ন্যাটো বাহিনী আফগান সেনাদের সহায়তা দিচ্ছে।