তালেবানদের সহায়তা করছে বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের মার্কিন সেনা ঘাঁটিতে কর্মরত বিভিন্ন বেসরকারি নিরাপত্তাকর্মীদের সঙ্গে তালেবান জঙ্গি, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও ইরানের গোয়েন্দা সংস্থার গোপন আঁতাত রয়েছে বলে মার্কিন সিনেটের একটি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।যুক্তরাষ্ট্রের সিনেট আর্মড সার্ভিসেস কমিটির প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আফগানিস্তানে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলো তালেবান জঙ্গিদের অর্থের জোগান দিচ্ছে।তদন্ত প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাশিবির ও ঘাঁটিতে দায়িত্ব পালনরত বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীরা মার্কিন সেনাদের ঝটিকা অভিযানসহ বিভিন্ন গোপন তথ্য তালেবানদের কাছে ফাঁস করে দিচ্ছে। এর ফলে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের জঙ্গিবিরোধী অভিযান হুমকির মুখে পড়েছে।সিনেটের ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন নিরাপত্তাকর্মী নিয়োগে বিশ্বস্ততার বিষয়টি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে বেসরকারি নিরাপত্তাকর্মীদের সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্যও নেই। যুক্তরাষ্ট্রের সিনেট আর্মড সার্ভিসেস কমিটির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঠিকাদারেরা স্থানীয় নিয়োগের ব্যাপারটি মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন এবং নিয়োগের ক্ষেত্রে যুদ্ধবাজদের ভাড়া করার ফলেই এমনটা ঘটেছে। প্রতিবেদনটিতে বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগ প্রক্রিয়া উন্নতকরণ করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।অন্যদিকে গত আগস্টে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই চার মাসের মধ্যে বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলোকে তাদের অভিযান শেষ করার নির্দেশ দিয়েছেন।বর্তমানে আফগানিস্তানে প্রায় ২৬ হাজার বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োজিত রয়েছে। এই নিরাপত্তাকর্মীদের অধিকাংশই আফগান নাগরিক। আফগানিস্তানের বেসরকারি নিরাপত্তা ফার্মগুলো দেশটিতে অবস্থিত বিভিন্ন দূতাবাস, সাহায্য সংস্থায় নিরাপত্তাকর্মী সরবরাহ করে আসছে।—বিবিসি, নিউইয়র্ক টাইমস