তালেবানবিরোধী কিশোরী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সোয়াত উপত্যকায় আজ মঙ্গলবার মালালা ইউসুফজাই (১৪) নামের এক কিশোরী বন্দুকধারীদের গুলিতে গুরুতর আহত হয়েছে। পাকিস্তানি তালেবান জঙ্গিদের বিরুদ্ধে কথা বলে খ্যাতি পেয়েছে সে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। পুলিশ জানায়, রাজধানী ইসলামাবাদের উত্তর-পশ্চিমে সোয়াত উপত্যকায় এ ঘটনা ঘটে। এ সময় মালালা তাঁর সহপাঠীদের সঙ্গে বাসে করে বাড়ি ফিরছিল। বন্দুকধারীরা বাস লক্ষ্য করে গুলি ছুড়লে মালালার মাথা ও ঘাড়ে গুলি লাগে। মালালা এমন একসময় তালেবানের বিরুদ্ধে কথা বলেছে, যখন সরকারকেও উগ্রপন্থীদের প্রতি নমনীয় মনে হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ কয়েকজন বন্দুকধারী তার স্কুলে গিয়ে নাম ধরে মালালাকে খোঁজ করে। ক্লাস শেষে মালালা স্কুলের বাসে বাড়ি ফেরার সময় তাতে হামলা চালানো হয়।উপত্যকার মিংগোরা শহরের সাইদু শরিফ টিচিং হাসপাতালের চিকিত্সক লাল নূর বলেন, চিকিত্সকেরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন।বিবিসি জানায়, মেয়েদের জন্য ‘শিক্ষা’ কতটা প্রয়োজন, এ নিয়ে প্রচারকাজ পরিচালনা করে মালালা।তালেবানের অধীনে জীবন নিয়ে ২০০৯ সালে বিবিসি উর্দুর জন্য একটি ডায়েরি লিখে সবার নজরে আসে মালালা। একটি আন্তর্জাতিক শান্তি পুরস্কারের জন্যও মনোনীত হয় সে।