নারী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি
তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে
নারীদের ঘরের মধ্যে বন্দী করে রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশকে আফগান বা তালেবানি রাষ্ট্রে পরিণত করতে চাইছে। এ ধরনের অপপ্রয়াস সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। এ ছাড়া হেফাজতে ইসলামের অসাংবিধানিক ১৩ দফার একটি দাবিও মানা হবে না। সরকারেরও ক্ষমতা নেই এই দাবিগুলো মেনে নেওয়ার।গতকাল রোববার নারী সাংবাদিকসহ অন্যান্য সাংবাদিকের ওপর হেফাজতে ইসলামের কর্মীদের হামলার প্রতিবাদে নারীসমাজসহ বিভিন্ন সংগঠন আয়োজিত মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচিতে এ কথা বলা হয়েছে।গত শনিবার হেফাজতে ইসলামের মহাসমাবেশে একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিনকে বেধড়ক মারধর করেন সংগঠনটির কর্মীরা। এ ছাড়া আরও কয়েকজন নারী সাংবাদিক ‘নারী হয়ে কেন সাংবাদিকতা করছেন, মাথায় কাপড় নেই কেন’—এ ধরনের অজুহাতে লাঞ্ছনার শিকার হন। অন্যান্য সাংবাদিকও পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের ঘটনার সম্মুখীন হন।গতকাল মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন নাদিয়া শারমিনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় তিনি বলেন, ‘গণমাধ্যম প্রতিনিধির ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় আমি বিস্মিত হয়েছি। মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও নাদিয়া শারমিনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।গতকাল দিনব্যাপী বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন নানাভাবে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে নারীসমাজের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিভিন্ন গণমাধ্যমের নারী সাংবাদিকসহ বিভিন্ন পেশা-শ্রেণীর নারী-পুরুষ অংশ নেন। সমাবেশ থেকে নারীসমাজের পক্ষ থেকে শাপলাচত্বরে খুব শিগগির মহাসমাবেশ করা হবে বলে জানানো হয়েছে। সমাবেশ শেষে একটি মিছিল শাহবাগ পর্যন্ত যায়।সমাবেশে শাহবাগের গণজাগণ মঞ্চের স্লোগানকন্যা লাকী আক্তার বলেন, হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ সমাবেশ করেছে বলে তাদের ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু নারী সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কথা বলেননি, দুঃখ প্রকাশও করেননি। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি পড়ে তারপর তাতে সম্মতি দিয়েছেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। দেশের এ ধরনের পরিস্থিতিতে নারী প্রধানমন্ত্রী বা নারী বিরোধীদলীয় নেতা কীভাবে রাজনীতি করবেন, তা নিয়েও প্রশ্ন উত্থাপন করেন এই স্লোগানকন্যা।সমাবেশে অংশগ্রহণকারী অন্যান্য আলোচকও স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার জন্য ধিক্কার জানান। নারীনেত্রী মাহফুজা খানম বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফার প্রতিটি দাবি সংবিধানবিরোধী। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, হেফাজতে ইসলাম জাতীয় নারী উন্নয়ন নীতির বিরোধিতা করছে। কিন্তু এই নীতিতে কী আছে, তার এক লাইনও হয়তো তারা পড়ে দেখেনি।সমাবেশে নারীনেত্রী শিরীন আখতার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, রোকেয়া রফিক, রোকেয়া প্রাচী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়দা নাসরীন, কাবেরী গায়েন, সাংবাদিক অঞ্জন রায়, জেন্ডার বিশেষজ্ঞ ফওজিয়া খোন্দকার, পোশাকশ্রমিকদের নেত্রী মোশরেফা মিশু, বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য সুফিয়া আখতার প্রমুখ সংহতি প্রকাশ করেন।সমাবেশে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, স্টেপ্স টুয়ার্ডস ডেভেলপমেন্ট, কর্মজীবী নারী, বিকশিত নারী নেটওয়ার্ক, প্রশিকাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ব্যানার-ফেস্টুনে কর্মক্ষেত্রে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবির কথা তুলে ধরেন।এর আগে গতকাল সকালে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। এই আয়োজন থেকে যে সংগঠন নারী সাংবাদিকসহ সাংবাদিকদের ওপর হামলা চালাবে, তাদের সংবাদ বর্জন করার উদ্যোগ নেওয়ার জন্য সাংবাদিক ইউনিয়নের প্রতি আহ্বান জানানো হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন সভাপতি নাসিমুন আরা হক। সংহতি জানান গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার ও সাংবাদিক নাদিয়া শারমিনের বোন সাদিয়া শারমিন। এতে বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, বৈশাখী টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল প্রমুখ বক্তব্য দেন।এ ছাড়া গতকাল বাংলাদেশ মহিলা পরিষদ নগরে বিক্ষোভ মিছিল করেছে। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে জিরো পয়েন্ট হয়ে বিক্ষোভ মিছিলটি আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, রাজনৈতিক দলগুলো দেশের ১ শতাংশ ভোটারের পক্ষ নেবে, নাকি নারী ও তরুণসমাজ মিলে যে ৪৫ শতাংশ ভোটার, তাদের পক্ষ নেবে, তা ঠিক করতে হবে।আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, গণতান্ত্রিক বাম মোর্চা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন গতকাল বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়েও গতকাল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী নাদিয়া শারমিনসহ ১১ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপরাজেয় বাংলার পাদদেশে কালো ব্যাজ ধারণ করে শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন।মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, হেফাজতে ইসলাম ১৩ দফা দাবির মাধ্যমে বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়। তাই নতুন প্রজন্মকে সিদ্ধান্ত নিতে হবে, তারা স্বাধীন দেশে বসবাস করবে, নাকি পাকিস্তানের পরাধীনতার গ্লানি নিয়ে বেঁচে থাকবে।মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক গীতিআরা নাসরিন, শাওন্তী হায়দার, ফাহমিদুল হক, সাইফুল আলম চৌধুরী, টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এ জে এম শফিউল আলম ভূঁইয়া, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মশিউর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাকিব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।নাদিয়া শারমিনের সর্বশেষ অবস্থা জানতে গতকাল যোগাযোগ করা হলে তাঁর মা সৈয়দা তৈয়বা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ে চ্যালেঞ্জিং পেশায় ঢুকেছে। সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কিন্তু তার পরও হরতাল এলে ভয়ে থাকতাম। ভাবতাম, আমার বাচ্চাটা গেল, কী যেন হয়। আমার বাচ্চাটার ওপর ঠিকই হামলা হলো। এমনকি তার মুঠোফোন, ব্যাগও ছিনতাই করে নিয়ে গেছে।’এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কিছু বলার ভাষাও হারিয়ে ফেলেছেন নাদিয়া শারমিনের মা। আজ সোমবার নাদিয়াকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে তাঁর পরিবার জানিয়েছে।